Published : 03 Apr 2023, 05:05 PM
ইউক্রেইন যুদ্ধের মধ্যে অর্থনৈতিক চাপেও আয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংকের। নগদ ও বোনাস মিলিয়ে এবারও তারা আগের বছরের মত ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
২০২২ সালের ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরের হিসাব পর্যালোচনা করে সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে মূল্য সংবেদনশীল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী বিনিয়োগকারীরা অর্ধেক লভ্যাংশ নগদে এবং বাকি অর্ধেক পাবেন শেয়ারে। অর্থাৎ ১৪ শতাংশ নগদ বা শেয়ার প্রতি এক টাকা ৪০ পয়সা পাবেন বিনিয়োগকারীরা। আর প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে পাওয়া যাবে ১৪টি শেয়ার।
রেকর্ড ডেটের পর বোনাস শেয়ারের সঙ্গে মিল রেখে শেয়ারদরও সমন্বয় হয়ে যাবে।
২০ টাকার ঘরে শেয়ারদর থাকা কোম্পানিটি টানা আট বছর ২০ শতাংশ বা তার চেয়ে বেশি লভ্যাংশ দিয়ে আসছে। ২০১৫ থেকে ১৭ সাল পর্যন্ত ২০ শতাংশ করে নগদ, ২০১৮ সালে ২০ শতাংশ নগদের পাশাপাশি ২ শতাংশ বোনাস, ২০১৯ সালে ২৩ শতাংশ বোনাস ও ৭ শতাংশ নগদ, ২০২০ সালে সাড়ে ১২ শতাংশ করে নগদ ও বোসান এবং গত বছর এবারের মতই ১৪ শতাংশ নগদ ও ১৪ শতাংশ বোনাস শেয়ার দেয় উত্তরা ব্যাংক।
২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময় এই আয় ছিল ৩ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় বেড়েছে ৭৫ পয়সা বা ২১ দশমিক ৭৩ শতাংশ।
৬৪৩ কোটি ৭৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের ব্যাংকটির শেয়ার সংখ্যা ৬৪ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৬৩টি। এই হিসেবে ব্যাংকটি এবার করপূর্ব মুনাফা করেছে ২৭০ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৬৪ টাকা। গত বছর মুনাফা ছিল ২২২ কোটি টাকার কিছু বেশি।
আয়ের পাশাপাশি সম্পদমূল্যও বেড়েছে উত্তরার। ২০২১ সালের ডিসেম্বর শেষে প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদ ছিল ২৮ টাকা ৮০ পয়সা, সেটি বেড়ে এবার হয়েছে ৩১ টাকা ৭৯ পয়সা।
অর্থাৎ, ২০২১ সাল শেষে উত্তরা ব্যাংকের সম্পদ ছিল ১ হাজার ৮৫৩ কোটি ৮১ লাখ ৫৮ হাজার ২০০ টাকার। সেটি বেড়ে ২০২২ সালের ডিসেম্বরে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৭০৩ টাকা।
তবে সম্পদমূল্যের চেয়েও ব্যাংকটির বাজার মূলধন কম। লভ্যাংশ ঘোষণার দিন কোম্পানিটির শেয়ারদরের ভিত্তিতে বাজার মূলধন দাঁড়িয়েছে ১ হাজার ৫০৬ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার টাকা।
কোম্পানির শেয়ারদর বর্তমানে ২৩ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারদর ২ টাকা ৫০ পয়সা থেকে ২৯ টাকা পর্যন্ত ওঠানামা করেছে।
যারা উত্তরা ব্যাংকের লভ্যাংশ নিতে চান, তাদেরকে আগামী ২৬ এপ্রিল শেয়ার ধরে রাখতে হবে। অর্থাৎ, লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট হবে সেদিন। এ লভ্যাংশ অনুমোদন করতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডাকা হয়েছে আগামী ১৮ মে।