পুঁজিবাজারে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় হয় লোকসানি, নয় স্বল্প মূলধনী
৫৮টি কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে ৬৮টির পতনের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক ডিএসইএক্স কমেছে ৩ পয়েন্ট।
উত্তরা ব্যাংক ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণার পর পুঁজিবাজারে এ কোম্পানির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার হাতবদল হলেও ঘুমিয়ে থাকা ব্যাংক খাতের অন্য কোম্পানিতে বিনিয়োগকারীদের আগ্রহ ফেরেনি।
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজারে সূচক কমে লেনদেনের ঊর্ধ্বগতির দিন স্বল্প মূলধনী ও লোকসানি কোম্পানির দাপট দেখা গেছে। দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রায় সব কোম্পানিই এমন।
৫৮টি কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে ৬৮টির পতনের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক ডিএসইএক্স কমল ৩ পয়েন্ট। এদিন ২০২টি কোম্পানি লেনদেন হয়েছে ফ্লোর প্রাইসে আগের দিনের দরে।
যেসব কোম্পানির লেনদেন হয়েছে, তার মধ্যে দেড়শর বেশি কোম্পানিতে লেনদেন ছিল নামমাত্র। দর বৃদ্ধির শীর্ষের মতো সবচেয়ে বেশি লেনদেনর তালিকাতেও দেখা গেছে স্বল্প মূধলনী ও লোকসানি কোম্পানির প্রাধান্য।
লেনদেন টানা দ্বিতীয় দিন লাফ দিয়ে আবার ছয়শ কোটি টাকার ঘর ছুঁয়েছে এদিন।
ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে বন্ডে বিনিয়োগ ব্যাংকের বিনিয়োগসীমার বাইরে রাখার গুঞ্জনে গত ৩০ মার্চ লেনদেন সাড়ে ছয়শ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার পরের দুই কর্মদিবস লেনদেন পাঁচশ কোটি টাকার ঘরে নেমে আসে।
সোমবার হাতবদল হয় ৫৭৫ কোটি ৮০ লাখ টাকার কিছু বেশি। সেখান থেকে আরও ৭০ কোটি টাকা বেড়ে মঙ্গলবার সারা দিনে হাতবদল হয়েছে ৬৪৬ কোটি ৪৫ হাজার টাকার শেয়ার।
সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, এমন ২০টি কোম্পানির মধ্যে অর্ধেকই স্বল্প মূলধনী। অন্যদিকে সবচেয়ে বেশি দর বেড়েছে এমন ২০টি কোম্পানির ১৮টিই স্বল্প মূলধনী। শীর্ষ দশের সবগুলোর শেয়ার সংখ্যাই কম।
সবচেয়ে বেশি দর বেড়েছে এমন পাঁচটি কোম্পানির চারটিই লোকসানি।
এর মধ্যে অর্ধবার্ষিকে শেয়ার প্রতি ২ টাকা ১৪ লোকসান দেওয়া আজিজ পাইপসের দাম বেড়েছে সবচেয়ে বেশি ১০ শতাংশ। আগের দিন দর ছিল ৯১ টাকা। দিন শেষে দাঁড়িয়েছে ১০০ টাকা ১০ পয়সা।
২০২০ সালের প্রথম প্রান্তিকে ১০ টাকার শেয়ারে ৬ টাকা ২৪ পয়সা লোকসান দেওয়ার পর আর আর্থিক হিসাব জমা না দেওয়া নর্দার্ন জুটের দর বেড়েছে ৯.৯৫ শতাংশ। আগের দিন দর ছিল ১৯৬ টাকা ৯০ পয়সা। দিন শেষে দাঁড়িয়েছে ২১৫ টাকা ১০ পয়সা।
অর্ধবার্ষিকে শেয়ার প্রতি ১ টাকা ১০ পয়সা লোকসান দেওয়া স্টাইলক্রাফটের দর ৯.৮০ শতাংশ, ১০ টাকার শেয়ারে ছয় মাসে ৪ টাকা ৩৩ পয়সা লোকসান দেওয়া স্ট্যান্ডার্ড সিরামিকসের দর ৯.৬৬ শতাংশ দর বেড়েছে।
বছরের পর বছর ধরে লোকসান দিয়ে আসা রাষ্ট্রায়ত্ত কোম্পানি উসমানিয়া গ্লাসের দর বেড়েছে ৭.২৫ শতাংশ। এই কোম্পানিটির অবস্থান শীর্ষ দশের ৭ নম্বরে।
এছাড়া ৫ কোটি ৭০ লাখ টাকা পরিশোধিত মূলধনের অ্যাপেক্স ফুডের দর ৮.১৬ শতাংশ, ৪ কোটি ৩২ লাখ টাকা পরিশোধিত মূলধনের বিডিঅটোকারের দর ৭.৭২ শতাংশ, ৬ কোটি ৬২ লাখ টাকা পরিশোধিত মূলধনের বঙ্গজের দর ৬.৬৮ শতাংশ, ৮ কোটি ২৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের দেশ গার্মেন্টসের দর ৫.৬৮ শতাংশ এবং ৫ কোটি ৪২ লাখ টাকা পরিশোধিত মূলধনের সোনালী আঁশের দর বেড়েছে ৫.০৮ শতাংশ।
শীর্ষ দশের বাইরে আরও দুটি করে কোম্পানির দর যথাক্রমে ৫ ও ৪ শতাংশের বেশি, ছয়টি কোম্পানির দর ৩ শতাংশের বেশি, ৫টির দর দুই শতাংশের বেশি, ১৬টির দর বেড়েছে এক শতাংশের বেশি বেড়েছে।
দর বৃদ্ধির মত পতনের শীর্ষ তালিকাতেও বেশ কিছু স্বল্প মূলধনী কোম্পানিকে দেখা গেছে, যেগুলোর শেয়ারদর গত কিছুদিন আগে লাফাচ্ছিল।
এর মধ্যে সবচেয়ে বেশি ৮.৮৬ শতাংশ দর হারিয়েছে কিছুদিন আগে বাড়তে থাকা বেঙ্গল উইন্ডসর। মার্চের মাঝামাঝি শেয়ার দর ৪২ টাকা ছাড়িয়ে গিয়েছিল। এরপর পতনে দাম নেমে এসেছে ২৫ টাকা ৭০ পয়সায়।
তালিকার দ্বিতীয় স্থানে ছিল কিছুদিন আগে অস্বাভাবিক উত্থান ঘটা ৩১ কোটি টাকা পরিশোধিত মূলধনের লোকসানি কোম্পানি ইনটেক অনলাইন। এ শেয়ার দর হারিয়েছ ৬.৮৭ শতাংশ।
মার্চে ৬৩ টাকা থেকে এপ্রিলের শুরুতে ৯৬ টাকা ছাড়িয়ে যাওয়া লোকসানি কোম্পানি শ্যামপুর সুগার ৫.২৫ শতাংশ দর হারিয়ে নেমে এসেছে ৮৩ টাকা ২০ পয়সায়।
এছাড়া লোকসানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৫.০৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৪.৭০ শতাংশ দর হারিয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে এডএন টেলিকমের দর ৪.৩০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের দর ৪ শতাংশ, ইন্ট্রাকো রি ফুয়েলিংয়ের দর ৩.৭১ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের দর ৩.৬২ শতাংশ এবং মেট্রো স্পিনিং মিলসের শেয়ার দর ৩.৬০ শতাংশ কমেছে।
শীর্ষ দশের বাইরে আরও পাঁচটি কোম্পানি ৩ শতাংশের বেশ ১২টি কোম্পানি ২ শতাংশের বেশি, ১৯টি কোম্পানি দর হারিয়েছে এক শতাংশের বেশি।
