১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পদত্যাগ করলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হাফিজ

‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে গেছেন।

পদত্যাগ করলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হাফিজ
ছাড়লেন অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 03:58 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

ক্ষমতার পালাবদলে পরিবর্তনের হাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের পদ ছাড়লেন অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবু।

সোমবার তার পদত্যাগপত্র ইমেইলে পেয়েছে ডিএসই ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মু. মোহসিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আজ ইমেইলে তার পদত্যাগপত্র পেয়েছি। ব্যক্তিগত কারণ দেখিয়ে হাফিজ মুহম্মদ হাসান বাবু ডিএসইর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।”

গত রোববারও অফিসে এসে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক হাফিজ। সোমবার তাকে একাধিকবার ফোন করা হলেও তার সাড়া মেলেনি।  

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ দেওয়া সাত স্বতন্ত্র পরিচালকের মধ্যে এখন ছয়জন ডিএসইর পরিচালনা পর্ষদে থাকলেন।  

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ৫ অগাস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিবর্তনের হিড়িক পড়ে যায়। অনেকে পদত্যাগ করেন, আবার অনেককে সরিয়ে দেওয়া হয়।   

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম গত ১০ অগাস্ট পদত্যাগ করেন। এরপর দুই কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ ও রুমানা ইসালামও পদ ছেড়ে দেন। এখন ডিএসই চেয়ারম্যানের পদত্যাগের খবর এল।

গত বছরের ৫ মার্চ ডিএসইর চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবু। এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব সামলেছেন। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানিতে পরিচালক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তার রয়েছে।