২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরের ম্যাচ এখন প্লে-অফ’, মহারণের দ্বিতীয় অধ্যায়ে তাকিয়ে রিয়াল ও সিটি

দ্বিতীয় লেগকে এখন ‘প্লে-অফ’ মনে করছেন ম্যান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা, রিয়াল মাদ্রিদের তারকা লুকা মদ্রিচের মতে, লড়াই এখনও উন্মুক্ত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2023, 12:54 PM

Updated : 10 May 2023, 12:54 PM

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বেশ আগ থেকেই বলে আসছিলেন, এই লড়াইয়ের ফয়সালা হবে দ্বিতীয় লেগে ম্যানচেস্টারে। প্রথম লেগের লড়াই শেষে সেটিই এখন বাস্তবতা। ম্যাচের ফলাফলে যেমন দুই দল সমতায়, তেমনি মনস্তাত্ত্বিক লড়াইয়েও খুব একটা এগিয়ে-পিছিয়ে নেই কোনো দল। দ্বিতীয় লেগের লড়াইকে এখন ‘প্লে-অফ’ ম্যাচের মতো মনে হচ্ছে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলার কাছে। রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ তারকা লুকা মদ্রিচের চোখে, লড়াই এখনও পুরোপুরি উন্মুক্ত।

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মহাআলোচিত প্রথম লেগ ড্র হয় ১-১ গোলে।

গত আসরের সেমি-ফাইনালে এই দলের ধ্রুপদি ও অবিস্মরণীয় এক লড়াইয়ের পর এবারের ম্যাচ ঘিরেও ছিল তুমুল আলোচনা ও উত্তেজনা। সেই রোমাঞ্চ স্পর্শ করে মাঠের ফুটবলকেও। প্রাণবন্ত ফুটবল উপহার দেয় দুই দলই। গতবারের লড়াইয়ের মতো অনেক গোল যদিও হয়নি, তবে দুই দলের দুটি গোলই ছিল অসাধারণ।

ম্যাচের আগে আনচেলত্তি বলেছিলেন, ফলাফল ছাড়াও লড়াইয়ের ভেতর মনস্তাত্ত্বিক লড়াইয়ে এগিয়ে থেকে তারা প্রথম লেগ শেষ করতে চান। তবে ম্যাচ শেষে মুভিস্টার প্লাসকে মদ্রিচ বললেন, স্কোরলাইনের মতো মানসিকভাবেও একই সমান্তরালেই থাকছে দুই দল।

“লড়াই এখনো উন্মুক্ত… আমরা ভালো খেলেছি। তারা শুরুর দিকে বল দখলে রেখেছে অনেকটা সময়, তবে সত্যিকারের সুযোগ তৈরি করতে পারেনি। ওদের চেয়ে আমরাই বেশি সুযোগ তৈরি করেছি।”

“আমার মনে হয় না, কোনো দল মানসিকভাবে এগিয়ে থেকে দ্বিতীয় লেগে যেতে পারছে। লড়াই উন্মুক্তই রয়ে গেছে। আমরা অবশ্য আগে থেকেই জানতাম, বের্নবেউয়েই শেষ হচ্ছে না খেলা। কেউই এই ম্যাচে লড়াই শেষ করে দেওয়ার ঝুঁকিতে যাবে না। এই ম্যাচের আগে যেমন সম্ভাবনা ছিল ৫০-৫০, ম্যাচের পরও সেটিই থাকছে।”

মানসিকভাবে এগিয়ে থাকার প্রসঙ্গে না গেলেও আনচেলত্তি নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্টই। পরের লেগ আগামী বুধবার ম্যানচেস্টার সিটির মাঠে, যেখানে অপেক্ষায় আরও অনেক বড় চ্যালেঞ্জ। তবে সেখানেও এই লেগের পারফরম্যান্স ধরে রাখার আশায় রিয়াল মাদ্রিদ কোচ।

“আজকে আমরা যেমন খেলেছি, তেমনই খেলতে হবে (পরের লেগে)। জানি না সেটা সম্ভব কিনা, ঘরের মাঠে সিটি হয়তো আরও আগ্রাসী হবে ও চাপ তৈরি করবে। তবে আমাদের কৌশল ছিল ভালো। ওরা বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও আমরা আতঙ্কিত হইনি এবং নিজেদের কাজটা করে গেছি।”

“দ্বিতীয়ার্ধে ভালোভাবে বলের নিয়ন্ত্রণ নিতে পেরেছি আমরা, সুযোগ তৈরি করেছি। জিততে পারলে ভালো হতো। তবে সব মিলিয়ে আমরা সন্তুষ্ট ও ভালো অনুভূতি নিয়েই দ্বিতীয় লেগে যাচ্ছি।”

ফলাফল ও পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি খুব একটা নেই গুয়ার্দিওলারও। প্রবল প্রতিপক্ষের মাঠে এই ফলকে খারাপ কিছু মনে হচ্ছে না তার। তবে আরেকটু উন্নতির জায়গা দেখছেন ম্যানচেস্টার সিটি কোচ।

“এটাই ফুটবল। এটা রিয়াল মাদ্রিদ। এখানে বিস্ময়ের কিছু নেই। আমাদের দেখতে হবে, আরও ভালো সমন্বয় কীভাবে করতে পারি, আরেকটু বেশি আক্রমণ যদি করা যায়…।”

এই মৌসুমে সিটির গোলমেশিন আর্লিং হলান্ডকে এ দিন একদম অকার্যকর করে রেখেছিল রিয়ালের রক্ষণভাগ। এই ফরোয়ার্ডের চেয়ে বলে বেশি স্পর্শ করেন এই ম্যাচে সিটির গোলকিপার এদেরসন!

গুয়ার্দিওলা অবশ্য এখানে কৃতিত্ব দিলেন রিয়ালের রক্ষণভাগকে। দ্বিতীয় লিগে কিছু জায়গা শাণিত করার ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি।

“আর্লিংকে (হলান্ড) খুব কাছে থেকে আটকে রেখেছিল আলাবা ও রুডিগার। সেন্টার-ব্যাক ও ফুল-ব্যাকদের মাঝখানের জায়গা ওরা খুব আঁসাঁট রেখেছিল। আর্লিংয়ের জন্য সেখানে ফাঁক বের করা সহজ ছিল না। আমরা কিছু পরিবর্তনের চেষ্টা করব, আরও ছন্দময় খেলার চেষ্টা করব।”

“এখন লড়াইটা প্লে-অফের মতো। কিছু ক্ষেত্রে আমরা রক্ষণে আরেকটু ভালো করতে পারি, আক্রমণ একটু ভিন্নভাবে করতে পারি। এরকম কিছু ব্যাপার ঠিকঠাক করতে হবে।”