২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমএলএস থেকে চেলসিতে সার্বিয়ান গোলরক্ষক পেত্রোভিচ

সাত বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ২৩ বছর বয়সী জর্জি পেত্রোভিচ।

এমএলএস থেকে চেলসিতে সার্বিয়ান গোলরক্ষক পেত্রোভিচ

৭ বছরের চুক্তিতে চেলসিতে নাম লেখালেন জর্জি পেত্রোভিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 04:06 PM

Updated : 27 Aug 2023, 04:32 PM

এবারের দলবদলে ব্যস্ত সময় পার করা চেলসি স্কোয়াডে আরেকজন গোলরক্ষক যোগ করেছে। মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব নিউ ইংল্যান্ড রেভ্যুলুশন থেকে জর্জি পেত্রোভিচকে দলে নিয়েছে লন্ডনের ক্লাবটি। 

ক্লাবের ওয়েবসাইটে শনিবার বিবৃতি দিয়ে খবরটি জানিয়েছে চেলসি। সাত বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই সার্বিয়ান। সুযোগ রয়েছে মেয়াদ আরও এক বছর বাড়ানোর। ট্রান্সফার ফি নিয়ে কিছু জানানো হয়নি। 

বিবিসির খবর অনুযায়ী, ১ কোটি ২৫ লাখ পাউন্ডের বিনিময়ে ২৩ বছর বয়সী পেত্রোভিচকে দলে ভিড়িয়েছে চেলসি। বোনাসসহ যোগ হতে পারে আরও ১৫ লাখ পাউন্ড। 

চলতি গ্রীষ্মের দলবদলে প্রথমে চেলসি ছেড়ে সৌদি ক্লাব আল আহলিতে নাম লেখান গোলরক্ষক এদুয়াঁ মঁদি। এরপর এক মৌসুমের জন্য ধারে রেয়াল মাদ্রিদে যোগ দেন আরেক গোলরক্ষক কেপা আরিসাবালাগা। 

চেলসির শুরুর একাদশে পেত্রোভিচের মূল লড়াইটা হবে রবের্ত সানচেসের সঙ্গে। এই মাসেই ব্রাইটন থেকে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেন এই স্প্যানিশ গোলরক্ষক। 

২০২২ সালে নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনে যোগ দেন পেত্রোভিচ। ক্লাবটির হয়ে ৪৮টি ম্যাচ খেলেছেন তিনি। দারুণ পারফরম্যান্সে মনোনীত হন এমএলএসের বর্ষসেরা নবাগত খেলোয়াড় ও বর্ষসেরা গোলরক্ষক খেতাবের জন্য। এবার তার সামনে ইংলিশ ফুটবলের চ্যালেঞ্জ। 

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১২তম হওয়া চেলসি এবার দল ঢেলে সাজাচ্ছে। রদবলদের পালায় ক্লাব ছেড়েছেন অনেকে, যোগও দিয়েছেন অনেক খেলোয়াড়। 

চলতি মৌসুমে লিগে তিন ম্যাচ খেলে একটি জয় পেয়েছে মাওরিসিও পচেত্তিনোর দল। একটি ড্র ও হার অন্যটিতে।