২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবিশ্বাস্য সাফল্যের পুনরাবৃত্তির আশায় ফের ‘উষ্ণ আবহাওয়ায়’ ক্যাম্পের পরিকল্পনা সিটির

মৌসুমের দ্বিতীয় ভাগের প্রস্তুতির জন্য আবু ধাবিতে এই ক্যাম্প আদর্শ উপায় হবে বলে মনে করেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 08:49 PM

Updated : 01 Jan 2024, 08:49 PM

মৌসুমের মাঝামাঝির বিরতিতে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে উষ্ণ আবহাওয়ায় ম্যানচেস্টার সিটি অনুশীলন ক্যাম্পের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন কোচ পেপ গুয়ার্দিওলা। গত মৌসুমের মাঝামাঝি এখানে ক্যাম্প করাটা খেলোয়াড়দের ওপর দারুণ প্রভাব ফেলেছিল বলে মনে করছেন তিনি।

আগামী ১৩ জানুয়ারি প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলার পর সিটির পরবর্তী ম্যাচ ৩১ জানুয়ারি। মাঝে দুই সপ্তাহের বেশি সময়ের বিরতি আছে। এই সময়টায় আবু ধাবিতে ক্যাম্প করতে চায় সিটি। এখনও অবশ্য সবকিছু চূড়ান্ত হয়নি।

২০২২ বিশ্বকাপের শেষ দিকের অংশে সিটির যেসব খেলোয়াড়রা ছিলেন না, তাদের নিয়ে তখন আমিরাতে ক্যাম্প করেছিলেন গুয়ার্দিওলা। গত মৌসুমে তার দল জিতেছিল ‘ট্রেবল’। এবার পুরো স্কোয়াড নিয়েই একইরকম ক্যাম্পের পরিকল্পনা তাদের।

মৌসুমের দ্বিতীয় ভাগের প্রস্তুতির জন্য এই ক্যাম্প আদর্শ উপায় হবে বলে মনে করেন গুয়ার্দিওলা।

"নিউক্যাসল ম্যাচের পর যদি সম্ভব হয় আমরা আবার আবু ধাবিতে যাব, একসঙ্গে। গত মৌসুমে বিশ্বকাপের সময় আমরা সেখানে ছিলাম এবং কোচিং স্টাফ ও অন্য সবার ওপর (ওই ক্যাম্প) অবিশ্বাস্য প্রভাব ফেলেছিল। আমাদের পাঁচটি শিরোপা জয় সেটাই প্রমাণ করে।”

“আমরা সেখানে ভালো আবহাওয়ায় অনুশীলন করতে যেতে চাই, একসঙ্গে অনুশীলন করে মৌসুমের দ্বিতীয় ভাগের জন্য প্রস্তুত হতে চাই। এটাই পরিকল্পনা, তবে হয়তো পরিবর্তন হতে পারে, আমি এখনও জানি না।”

এফএ কাপের তৃতীয় রাউন্ডে আগামী রোববার চ্যাম্পিয়নশিপের দল হাডার্সফিল্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করবে সিটি।

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন কেভিন ডে ব্রুইনে। গত অগাস্টের মাঝামাঝি থেকে কোনো ম্যাচ খেলেননি এই বেলজিয়ান মিডফিল্ডার।