২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 01:18 PM

Updated : 07 Aug 2023, 02:26 PM

আলোচনা চলছিল তিন দেশের সঙ্গে। অবশেষে চূড়ান্ত হয়েছে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের প্রতিপক্ষ। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি সারতে ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দল।

দুটি প্রীতি ম্যাচের দিনক্ষণ সোমবার জানালেও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদে ভেন্যুর নাম জানাননি। যদিও এর আগে সম্ভাব্য ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামের কথা বলেছিলেন তিনি।

“আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলব আমরা। ভেন্যুর বিষয়টি পরে জানানো হবে। বিশ্বকাপ বাছাই সামনে রেখে এই দুটি ম্যাচ খেলা হচ্ছে।”

২০ অগাস্ট থেকে ক্যাম্প শুরুর সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন নাবিল। সাফ চ্যাম্পিয়নশিপ শেষে কোচ হাভিয়ের কাবরেরা রয়েছেন ছুটিতে, তিনি ৯ অগাস্ট ফিরলে ক্যাম্পের কার্যক্রম শুরু হবে, প্রীতি ম্যাচের ভেন্যুর বিষয়টি নিয়েও আলোচনা হবে।

অগাস্টের শেষ দিকে আফগানিস্তান দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তান রয়েছে ১৫৭তম স্থানে, সাফের দারুণ পারফরম্যান্সের পর তিন ধাপ এগিয়ে বাংলাদেশ এখন রয়েছে ১৮৯তম স্থানে।

২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের প্রথম ধাপে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।  ১২ অক্টোবর মালদ্বীপে হবে প্রথম লেগের ম্যাচ, ফিরতি লেগের ম্যাচ ১৭ অক্টোবর, নিজেদের মাঠে।

গত সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের দেখায় পিছিয়ে পড়েও মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। পরে সেমি-ফাইনালও খেলেছিল দল।