২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩-৪ মাসের জন্য মাঠের বাইরে ডে ব্রুইনে

বেলজিয়ান মিডফিল্ডারের অস্ত্রোপচারের ব্যাপারে কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে ম্যানচেস্টার সিটি।

৩-৪ মাসের জন্য মাঠের বাইরে ডে ব্রুইনে

কেভিন ডে ব্রুইনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 10:10 PM

Updated : 15 Aug 2023, 10:14 PM

মৌসুমের শুরুতেই অনেক বড় ধাক্কা ম্যানচেস্টার সিটি শিবিরে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া কেভিন ডে ব্রুইনেকে মাঠের বাইরে থাকতে হবে লম্বা সময়। কোচ পেপ গুয়ার্দিওলা জানিয়েছেন, কমপক্ষে তিন থেকে চার মাসের জন্য ছিটকে যেতে পারেন বেলজিয়ান মিডফিল্ডার।

গত জুনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পাওয়া হ্যামস্ট্রিং চোট কাটিয়ে কদিন আগেই মাঠে ফেরেন ডে ব্রুইনে। আর্সেনালের বিপক্ষে কমিউনিটি শিল্ড ম্যাচে নামেন বদলি হিসেবে।

এরপর গত শুক্রবার বার্নলির বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ছিলেন শুরুর একাদশে। তবে দুর্ভাগ্য পিছু ছাড়ল না। দলের ৩-০ গোলে জয়ের ম্যাচে ২৩তম মিনিটে ফের হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ডে ব্রুইনেকে। ওই ম্যাচের পর গুয়ার্দিওলা বলেছিলেন, কয়েক সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন ৩২ বছর বয়সী ফুটবলার।

উয়েফা সুপার কাপের লড়াইয়ে বুধবার সেভিয়ার বিপক্ষে খেলবে সিটি। আগের দিন সংবাদ সম্মেলনে ডে ব্রুইনের চোটের সবশেষ পরিস্থিতি তুলে ধরলেন গুয়ার্দিওলা।

“চোটটা গুরুতর। আমাদের সিদ্ধান্ত নিতে হবে তার অস্ত্রোপচারের প্রয়োজন আছে কিনা, তবে কয়েক মাসের জন্য সে মাঠের বাইরে থাকবে। আগামী কয়েক দিনে অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সে তিন বা চার মাসের জন্য ছিটকে যেতে পারে।”

গুয়ার্দিওলার দলে খুব গুরুত্বপূর্ণ সদস্যদের একজন ডে ব্রুইনে। গত মৌসুমে ক্লাবটির ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের 'ট্রেবল' জয়ে অনেক অবদান ছিল সাবেক চেলসি তারকার; ১০টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছিলেন ৩১টি।