সিরিজ নির্ধারণী ম্যাচ থেকে ছিটকে গেলেন বাটলার
বিকল্প হিসাবে ইতোমধ্যে নতুন এক খেলোয়াড়কে দলে ডেকেছে ইংল্যান্ড।
শ্রীলঙ্কার বিপক্ষে হারের ম্যাচে আরেকটি ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। চোট পাওয়ায় সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে পারবেন না দলটির অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান জস বাটলার।
বাটলারের ছিটকে পড়ার খবরটি শুক্রবার নিশ্চিত করা হয়েছে। তার জায়গায় একাদশে ঢুকতে পারেন জর্ডান কক্স। প্রথম দুই ওয়ানডেতে খেলার সুযোগ পাননি তিনি।
আর ‘কাভার’ হিসেবে দলে ডাক পেয়েছেন এখনও সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে অভিষেক না হওয়া ড্যান লরেন্স।
ওভালে আগামী রোববার মাঠে গড়াবে ম্যাচটি।
হেডিংলিতে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে রান নেওয়ার সময় বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পান বাটলার। প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পারেননি, আর দুটি বল খেলে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি।
পরে দলের প্রয়োজনে ৪৮তম ওভারে ফিরলেও, দলকে আর জেতাতে পারেননি বাটলার। ১৬ রানে জিতে সমতা ফেরায় শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ ৮৯ রানে জিতে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা।
৪৯ বলে পাঁচটি করে চার ও ছক্কায় ৬৯ রান করেন বাটলার, তিন বছরের মধ্যে ওয়ানডেতে যা তার সর্বোচ্চ ইনিংস। রানে ফিরলেও চোট তাকে মাঠের বাইরে ঠেলে দিল।
৩৬ বছর বয়সি এই ব্যাটসম্যান গত কয়েক বছরে বারবার এমন সব চোট সমস্যায় পড়েছেন। বেশিরভাগ তাকে ভুগিয়েছে পায়ের পেশির সমস্যা। তবে ২০২৪ আইপিএলের সময়ও এমন বাঁ হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন তিনি।
বাটলারের চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। আগামী কয়েক দিনের মধ্যে হয়তো নিশ্চিত হওয়া যাবে।
