Published : 18 Sep 2026, 04:15 PM
একের পর এক পেসার হারাচ্ছে দক্ষিণ আফ্রিকা। এবার চোটের থাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দলটির অভিজ্ঞ বোলার লুঙ্গি এনগিডি।
গত সপ্তাহে ঘরোয়া প্রথম শ্রেণির মৌসুমের উদ্বোধনী ম্যাচে, টাইটান্সের হয়ে ডলফিন্সের বিপক্ষে খেলার সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান এনগিডি। বুধবার স্ক্যান করানোর পর জানা যায়, চোট থেকে সেরে উঠতে তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
এনগিডির আগে কাগিসো রাবাদা ও ওটনিল বার্টম্যানও সিরিজ থেকে ছিটকে যান। এই দুই পেসারও হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন।
ডলফিন্সের প্রথম ইনিংসে আট ওভার এবং দ্বিতীয় ইনিংসে ৮.৩ ওভার বোলিং করেন এনগিডি। দুই ইনিংসেই একটি করে উইকেট নেন তিনি।
ম্যাচের কিছু সময়ের জন্য মাঠের বাইরেও ছিলেন এনগিডি। পরে অবশ্য মাঠে ফেরেন এবং ম্যাচের শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন তিনি। ডলফিন্সের বার্টম্যান ওই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পান, যে কারণে ব্যাটিং করতে পারেননি তিনি।
এনগিডির জায়গায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী পেসার নোবানি মোকোয়েনা। নামিবিয়া সফরে এই সংস্করণে অভিষেক হয় তার। দুটি ম্যাচ খেলে একটি উইকেট নিতে পারেন তিনি। লিস্ট ‘এ’ তে ১৯ ম্যাচ খেলে তার শিকার ১৩টি।
ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের নেতৃত্ব দেবেন মার্কো ইয়ানসেন। তার যমজ ভাই ডুয়ানও দলে আছেন। পেস বোলিং বিভাগের অন্যরা হলেন কর্বিন বশ, জেরাল্ড কুটসিয়া ও কেওয়েনা মাফাকা।
আগামী ৯ অক্টোবর শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। সেখানে এনগিডি খেলতে পারবেন কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে সিরিজ শুরুর কাছাকাছি সময়ে। রাবাদার ফিটনেস নিয়েও দুশ্চিন্তায় আছে তারা। অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। গত মে মাসে আইপিএলের পর আর কোনো ক্রিকেট খেলেননি অভিজ্ঞ বোলার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর। পরের দুই ম্যাচ ২৭ ও ৩০ সেপ্টেম্বর।