Published : 18 Sep 2026, 04:34 PM
আগের ম্যাচে দুই অঙ্ক স্পর্শ করতে না পারা ট্রাভিস হেড এবার আলো ছড়ালেন। সহজাত আগ্রাসী ব্যাটিংয়ে উপহার দিলেন চমৎকার সেঞ্চুরি। একটি রেকর্ডও গড়লেন অস্ট্রেলিয়ান ওপেনার।
হারারেতে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১১২ রানে করেন হেড। ৮৪ বলের ইনিংসটি সাজান তিনটি ছক্কা ও ১৫টি চারে।
ইনিংসটির পথে ৭৫ বলে সেঞ্চুরিতে পা রাখেন হেড। জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ান কোনো ব্যাটসম্যানের যা দ্রুততম শতক। আগের ম্যাচে ম্যাট রেনশর ৮৬ বলের সেঞ্চুরিকে পেছনে ফেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করা অষ্টম অস্ট্রেলিয়ান হেড।
গত বছরের অগাস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪২ রানের ইনিংস খেলার চার ম্যাচ পর আবারও তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন তিনি। ওয়ানডেতে এটি তার অষ্টম সেঞ্চুরি।
প্রথম ওয়ানডেতে ৪ রান করা হেড এদিন মুখোমুখি প্রথম বলে ব্র্যাড ইভান্সকে চার মেরে রানের খাতা খোলেন। এরপর ব্লেসিং মুজারাবানিকে ছক্কায় ওড়ান তিনি। অভিজ্ঞ এই পেসারকে পরে এক ওভারে মারেন তিনটি চার। দ্বাদশ ওভারে সিকান্দার রাজাকে বাউন্ডারি মেরে ৩২ বলে স্পর্শ করেন ফিফটি।
ফিফটির পর তার ব্যাট থেকে কিছুটা ধীরে আসে রান। ৪৩ বলে পরের পঞ্চাশ রান করেন তিনি।
২৮তম ওভারে বিদায় নেন তিনি ওয়েসলি মাধেভেরের বলে কাভার-পয়েন্টে ক্যাচ দিয়ে।
আন্তর্জাতিক ক্রিকেটে এনিয়ে ২০তম শতকের স্বাদ পেলেন হেড। তার আগের ১৯টি সেঞ্চুরি করা একটি ম্যাচেও হারেনি অস্ট্রেলিয়া।
হেডের সেঞ্চুরি, কুপার কনোলির ৭৮ ও মিচেল মার্শের ৫৩ রানের ইনিংসে ৫০ ওভারে ৩৫৬ রান করেছে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।