২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির কাছে 'সবচেয়ে গুরুত্বপূর্ণ' ফাইনাল

সতীর্থদের উদ্দীপ্ত করতে রোববারের ফাইনালটিকে 'জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ' বলে উল্লেখ করেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়কের এই প্রেরণাসূচক কথাটিই সপ্তম স্বর্গে ভেসে বেড়ানো জার্মানির বড় এক হুমকি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 08:51 PM

Updated : 25 Apr 2022, 04:26 PM

রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে জার্মানির বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা।

মারাকানার এই ম্যাচ মেসির জন্য সত্যিই মহা গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত আর ক্লাব ফুটবলের সাফল্যের সঙ্গে একটি বিশ্বকাপ শিরোপা জয় তাকে তুলে দেবে স্বদেশি কিংবদন্তি দিয়েগো মারাদোনার কাতারে।

আর্জেন্টিনার জন্য ২৮ বছর পর আবার শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠার উপলক্ষ এটা। ১৯৮৬ সালে তারা সবশেষ বিশ্বকাপ শিরোপা জিতেছিল মারাদোনারই কৃতিত্বে।

এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচের আগে সতীর্থ আর আর্জেন্টিনার মানুষকে উদ্বুদ্ধ করতেই হয়ত মেসি তার ফেইসবুকে পাতায় বার্তাটি দিয়ে রাখেন।

মেসি তার স্বপ্নের বিষয়টি চেপে রাখেননি। একটা বিশ্বকাপ জয় যে তার কাছে অনেক কিছু, ফেইসবুকের বার্তাটিতে সেটিও উল্লেখ করেন তিনি।

"কঠোর পরিশ্রম আর প্রথম ম্যাচ থেকে সবকিছু উজাড় করে দেয়া দলটির কারণে আমার স্বপ্ন আর আশা পূর্ণ হচ্ছে।"

আর্জেন্টিনা দল যে শেষ ধাপটি পেরোতে পুরো তৈরি, মেসি জানিয়ে রাখেন সেটিও। দলের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানান তিনি।