২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের ভাবমূর্তি চূর্ণ: মারাদোনা

জার্মানির কাছে সেমি-ফাইনালে লজ্জার হারে ব্রাজিলের ফুটবল ভাবমূর্তি চূর্ণ হয়েছে বলে মনে করেন দিয়েগো মারাদোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 02:40 AM

Updated : 22 Aug 2022, 06:41 PM

বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওয়ের রক্ষণে বোঝাপড়ার অভাবে আর জার্মানির দুর্বার আক্রমণে নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বাজে পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছে ব্রাজিলকে।

বিশ্বকাপের সেমি-ফাইনালে এর আগে কোনো দলের এভাবে ভেঙে পড়ার নজির নেই। ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো মারাদোনা এটিকে দেখছেন ব্রাজিলের ফুটবলে কালো দাগ হিসেবে।

"সবচেয়ে বাজে যে ব্যাপারটি হয়েছে বলে আমার মনে হয়, সেটি হচ্ছে, তারা ব্রাজিলের ভাবমূর্তিটা বাজে করে দিল"

ভেনেজুয়েলার টেলিভিশন তেলেসুরকে মারাদোনা বলেন, এই ম্যাচে তার বাজিটা জার্মানির পক্ষেই ছিল। তবে ইউরোপের এই দলটি এত ভালো খেলবে বলে ভাবেননি তিনি।

"আমি বলেছি, জার্মানি ব্রাজিলের চেয়ে ভালো দল ছিল। শুরু থেকেই ব্রাজিল আমার পছন্দের ছিল না। কিন্তু জার্মানি এতটা দর্শনীয়, বিধ্বংসী আর চূড়ান্ত হবে বলে ভাবিনি।"

ব্রাজিলের খেলোয়াড়দের মাঠে খুঁজেই পাওয়া যায়নি উল্লেখ করে মারাদোনা বলেন, খেলা দেখে তার কাছে মনে হয়েছে, এটা বুঝি পাঁচ জনের ফুটবল ম্যাচ। ব্রাজিলের রক্ষণ আর মাঝমাঠের মধ্যে কোনো সমন্বয় ছিল না বলেও জানান তিনি।

সবশেষে ব্রাজিলের এই পরাজয়কে বৈশ্বিক বিপর্যয় উল্লেখ করে দেশটির জন্য দু:খ প্রকাশ করেন মারাদোনা।

"আমি দু:খিত, কারণ ব্রাজিল তাদের দলটি নিয়ে খুব গর্বিত ছিল। তারা ফাইনালে যেতে চেয়েছে।"