২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল জুড়ে শোক আর ক্ষোভ

ম্যাচ শেষ হলো, সাও পাওলোর এক পানশালায় নাচে-গানে চলছিল কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিলের সেমি-ফাইনালে ওঠার উদযাপন। হঠাৎই সেই আনন্দে ছেদ পড়ল। নেইমারের বিশ্বকাপ শেষ-এই খবরে ফিকে হয়ে গেল আনন্দের রং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 05:25 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

পুরনো খবর:

নেইমারের জন্যই ব্রাজিলের বিশ্বকাপ
বিশ্বকাপ শেষ নেইমারের

সাও পাওলোর ওই পানশালাতেই বন্ধুদের সঙ্গে খেলা দেখেন ২৭ বছর বয়সী ব্রাজিলের এক তরুণী মনিকা ফেরেইরা। সবার মুখপাত্র হয়ে যেন শোক-বার্তা পাঠ করলেন তিনি।

"আমরা খুব খুশি হয়েছিলাম, কিন্তু এখন শুধু হতাশা। ভীষণ দু:খ। সে আমাদের সেরা খেলোয়াড়। আমরা তাকে ভালোবাসি, কারণ ব্রাজিলের জার্সি গায়ে পড়লেই সে খুব ভালো খেলে।"

সাও পাওলোর ওই পানশালায় শুধু মনিকা আর তার সঙ্গীদের নয়, নেইমারকে নিয়ে এই শোক আর হতাশা ব্রাজিলের প্রায় প্রতিটি মানুষের, প্রতিটি শহরে।

ফরতালেজায় কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে শুক্রবার পিঠে চোট পান নেইমার। তার মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরেছে বলে জানান চিকিৎসকরা। এই বিশ্বকাপে আর খেলা হবে না বার্সেলোনা তারকার।

নেইমারের স্বপ্নযাত্রা এভাবে শেষ হয়ে যাওয়াটা মানতেই পারছে না ব্রাজিলের মানুষ। দলের সেরা তারকার বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নেও বড় এক ধাক্কা লাগল।

জয়োৎসবে ইতি টেনে ৩৩ বছর বয়সী এদুয়ার্দো গোমেস উদভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছিলেন। নেইমারের সর্বশেষ অবস্থার খবর নিতে চাইছিলেন তিনি। ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের সব আশার শেষ দেখছেন এদুয়ার্দো।

"সে আমাদের সেরা খেলোয়াড়। আমার মনে হয় না, তাকে ছাড়া আমরা বিশ্বকাপ জিততে পারবে।"

হতাশার সঙ্গে ক্ষোভের আগুনেও পুড়ছে ব্রাজিল। অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এই ঘটনার নানা বার্তায় ভরে যাচ্ছে। নেইমারের পিঠে হাঁটু দিয়ে ধাক্কা মারা কলম্বিয়ার ডিফেন্ডার কামিলো সুনিগার শাস্তি দাবি করছে ব্রাজিলের মানুষ।

ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনিকে কামড় দেয়ার জন্য উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেসকে যেভাবে শাস্তি দেয় ফিফা, এ ক্ষেত্রেও তাই চাইছে তারা। 

কেউ কেউ আবার নেইমারকে উৎসাহ দিতে ফরতালেজায় যে হোটেলে ছিলেন, সেখানে ভিড় জমিয়েছে। স্ট্রেচারে করে তাকে নেয়ার সময় তারা 'ফোরসা নেইমার' বলে চিৎকার করে। যার অর্থ দাঁড়ায়-শক্ত থাকো নেইমার।

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ সবাইকে একত্রিত হওয়ার আহবান জানান। নিজের টুইটারে তিনি ব্রাজিলের মানুষকে নেইমার ও জাতীয় দলের পাশে থাকতে অনুরোধ করেন।