২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের জন্যই ব্রাজিলের বিশ্বকাপ

জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালে তাকে খেলতে দেখা যাবে না। কিন্তু নেইমারের অদৃশ্য উপস্থিতি ঠিকই থাকবে ব্রাজিল দলে। চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া নেইমারই এখন ব্রাজিলের প্রেরণা বলে জানিয়েছেন অধিনায়ক চিয়াগো সিলভা। নেইমারের জন্যই বিশ্বকাপটা তারা জিততে চায় বলেও জানান তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 03:39 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

পুরনো খবর:

বিশ্বকাপ শেষ নেইমারের

ফরতালেজায় কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে শুক্রবার পিঠে চোট পান নেইমার। তার মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরেছে বলে জানান চিকিৎসকরা। এই বিশ্বকাপে আর খেলা হবে না বার্সেলোনা তারকার।

নেইমারের চোটের খবরে ম্লান হয়ে গেছে কলম্বিয়ার বিপক্ষে শেষ আটে তাদের ২-১ গোলে জয়ের আনন্দও। জয়টিও। ব্রাজিলের সমর্থকদের মধ্যে নেমে এসেছে শোকের একটা আবহ। দলের সেরা খেলোয়াড়কে হারানোর পর কোচ লুইস ফেলিপে স্কলারির দুশ্চিন্তা না হয়ে পারে না।

ব্রাজিল দলও হঠাৎ করেই যেন কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছে। তবে নেইমারকে হারানোর শোককে প্রেরণা হিসেবে নিতে চায় তার সতীর্থরা। দলের সবার মুখপাত্র হয়ে অধিনায়ক চিয়াগো সিলভা সেই কথাই জানান।

"দলের জন্য নেইমার খুব গুরুত্বপূর্ণ, আমরা ওর ওপর অনেক নির্ভরশীল...কিন্তু এই পরিস্থিতিটা আমাদের জন্য বিপ্লবও হতে পারে। এই যেমন-চলো, বিশ্বকাপটা আমরা নেইমারের জন্য জিতি। তার চোট দলকে আরো একজোট করতে পারে।"

বেলো হরিজন্তেতে জার্মানির বিপক্ষে আগামী মঙ্গলবার সেমি-ফাইনালে খেলতে পারবেন না সিলভাও। ব্রাজিলের রক্ষণের সবচেয়ে বড় এই স্তম্ভ আটকে গেছেন দুই হলুদ কার্ডের ফাঁদে।

জার্মানির বিপক্ষে ম্যাচে নেইমারের অভাব খুব অনুভব করার কথা বললেন মিডফিল্ডার অস্কার। তবে এই জন্য হতাশ না হয়ে সামনে এগিয়ে চলার মন্ত্র জপছেন তিনি।

"তারা (জার্মানি) জানে, আমাদের দল শুধু নেইমারকে নিয়ে নয়। তারা এও জানে, দল হিসেবেও আমরা ভালো খেলি।"