২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাইব্রেকার-প্রস্তুতি ছিল কোস্টা রিকার

গ্রিসের বিপক্ষে টাইব্রেকারে জয়টা ভাগ্যে পাওয়া নয় বলে জানান কোস্টা রিকার কোচ হোর্হে লুইস পিন্তো। তিনি বলেন, টাইব্রেকারে পেনাল্টি শট নেয়ার অনুশীলন করেই তার দল মাঠে নেমেছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 02:16 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

রোববার রেসিফির আরেনা পের্নামবুকোয় ১২০ মিনেটের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর গ্রিস-কোস্টা রিকার ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। ম্যাচের সময় গ্রিসের রক্ষণদুর্গ খুব বেশি ভাঙতে না পারলেও টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে ইতিহাস গড়ে মধ্য আমেরিকার দেশ কোস্টা রিকা।

ম্যাচ শেষে কোস্টা রিকা কোচ বলেন, বিষয়টি এমন নয় যে, কোস্টা রিকা টাইব্রেকারে গেল আর জয় নিয়ে ফিরল। এই পরিস্থিতির জন্য নিজেদের আগেই প্রস্তুত করে রেখেছিল তারা।

"আমরা আগেই পেনাল্টি নেয়ার অনুশীলন করেছি এবং প্রতিপক্ষকে নিয়ে গবেষণা করেছি। এ কারণেই শতভাগ সাফল্য পেয়েছি।"

ম্যাচটি নাটকীয় হয়েছে উল্লেখ করে পিন্তো এই কোস্টা রিকার ইতিহাস গড়ার আনন্দের কথা জানান।

"সবার মধ্যেই দারুণ এক আবেগের অনুভূতি কাজ করছে। দলের এবং দেশের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা জয়। সত্যিকার অর্থেই আমরা গর্বিত।"

আবেগি পিন্তো এই জয় কোস্টা রিকার সব মানুষের বলে উল্লেখ করেন।

গ্রিস কোচের অনুভূতিটা ঠিক উল্টো হওয়াই স্বাভাবিক। শেষ ষোলোতে উঠেই ইতিহাস গড়েছে তারা। ইউরোর সাবেক চ্যাম্পিয়নরা স্বপ্ন দেখছিল, ইতিহাসটাকে আরো সমৃদ্ধ করার। কিন্তু তারা সেটা পারেনি বলে হতাশ ফের্নান্দো সান্তোস।

অতিরিক্ত সময়ের খেলা শেষে লাল কার্ড দেখেন তিনি। টাইব্রেকারের সময় মাঠে থাকতে পারেননি। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সান্তোস তার হতাশার কথা বলেন।

"আমাদের জন্য খুব কষ্টের মুহূর্ত গেছে। কারণ আমরা ইতিহাস গড়তে এবং গ্রিসের মানুষদের আনন্দ দিতে চেয়েছিলাম। এটা সম্ভব ছিল না। পঞ্চম পেনাল্টিটা হওয়ার পর আমি দু:খ অনুভব করেছি, শুধু দু:খই।"