অদলবদলই বেলজিয়ামের চাবিকাঠি
মাত্র প্রথম পর্বের খেলাই শেষ হয়েছে। তবে এরই মধ্যে বেলজিয়ামের ২৩ সদস্যের দলের ২০ জনেরই মাঠে নামা হয়ে গেছে। প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের এভাবে ঘুরিয়ে-ফিরিয়ে বা অদলবদল করে খেলানোটিই বেলজিয়াম দলের মূলমন্ত্র।
বেলজিয়ামে এই বিষয়টির সমালোচনা করছেন অনেকে। ফুটবল পণ্ডিতদের কেউ কেউ আবার মনে করেন, শুরুর একাদশে এভাবে পরিবর্তন করায় বেলজিয়ামের খেলার ছন্দ নষ্ট করছে।
বেলজিয়ামের কোচ মার্ক উইলমটস এই সব সমালোচনা থোরাই পাত্তা দেন। অদলবদলের সিদ্ধান্তে তিনি অটল। শেষ ষোলোর লড়াইয়ে আরো বড় বিস্ময় অপেক্ষা করছে বলেও ইঙ্গিত দেন তিনি।
সালভাদরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে বেলজিয়াম। এ ম্যাচের আগে বেলজিয়াম কোচ বলেন, "আমার ২৩ জন খেলোয়াড় আছে। এদের মধ্যে কেউ যদি নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলার জন্য সঠিক হয়, তাহলে তাকে ব্যবহার না করাটা বোকামি।"
উইলমটস প্রত্যেক ম্যাচেই বদলি খেলোয়াড় নামানোর কোটা পূরণ করে আসছেন। এর স্বপক্ষে যুক্তিও দেন তিনি।
"ম্যাচের বয়স এক ঘণ্টা হয়ে যাওয়ার পর নতুন একজন খেলোয়াড় সতেজতা নিয়ে আসতে পারে। তখন প্রতিপক্ষ ক্লান্ত হতে শুরু করে।"
