২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামের যুদ্ধের প্রস্তুতি!

যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের মতে, বেলজিয়াম এবারের আসরের তকমাহীন ফেভারিট। শক্তির বিচারেও যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে বেলজিয়াম। তবে প্রতিপক্ষ কোচের প্রশংসা কিংবা শক্তির পার্থক্যে এগিয়ে থাকা, কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছেন না বেলজিয়ামের কোচ মার্ক উইলমটস। যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়াইয়ে নামতে নাকি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 12:49 AM

Updated : 22 Aug 2022, 06:36 PM

প্রতিপক্ষ দলের শারীরিক সক্ষমতাই উইলমটের দুশ্চিন্তার মূল কারণ। এবারের আসরের ‘কালো ঘোড়া’ ইউরোপের দল বেলজিয়াম। গ্রুপ পর্বের শতভাগ সফল চারটি দলের একটি তারা। তারপরও যুক্তরাষ্ট্রকে নিয়ে এত ভাবনার কি আছে?

উইলমটস বলেন, “শারীরিকভাবে তারা খুব শক্তিশালী। আমরা একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি।”

উত্তর আমেরিকার দলটির বিপক্ষে বেলজিয়ামের পরিসংখ্যান কিন্তু খুব ভালো। পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে চারবারই জিতেছে তারা, একবার জিতেছে যুক্তরাষ্ট্র।

গত বছরের মে মাসে সর্বশেষ মুখোমুখি দেখায় ৪-২ গোলে জিতেছিল বেলজিয়াম। তবে ওই জয়ের সঙ্গে আগামী মঙ্গলবারের লড়াইয়ের কোনো তুলনা করতে চান না বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।

“গত বছরের প্রীতি ম্যাচের সঙ্গে আমরা এই ম্যাচের তুলনা করতে চাই না। আমরা একটা নকআউট ম্যাচ খেলতে যাচ্ছি যা সম্পূর্ণ ভিন্ন।”