'বিশ্বকাপ এশিয়ার দেশগুলোর জন্য শিক্ষা'
ব্রাজিল বিশ্বকাপে ব্যর্থ এশিয়া অঞ্চলের দেশগুলো। জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান আর অস্ট্রেলিয়া এই চার দল মিলেও পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশটিকে কোনো জয় এনে দিতে পারেনি। এবারের আসরের ব্যর্থতাকে এশিয়ার দেশগুলোর জন্য শিক্ষা হিসেবে দেখছেন এএফসি প্রধান।
এএফসি প্রেসিডেন্ট শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এক বিবৃতিতে বলেন, "এই বিশ্বকাপ এশিয়ার সব দেশের জন্য একটা শিক্ষা। এশিয়াকে অবশ্যই এর ব্যর্থতা স্বীকার করে নিতে হবে, একই সঙ্গে অবশ্যই আমাদের নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখতে হবে।"
বৃহস্পতিবার বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে দক্ষিণ কোরিয়ার বিদায় দিয়ে বিশ্বকাপ শেষ হয় এশিয়ার। 'এইচ' গ্রুপের তলানিতে থেকে ফিরেছে কোরিয়া। অন্য তিন দল ইরান, জাপান ও অস্ট্রেলিয়াও ছিল নিজ নিজ গ্রুপের শেষ দল। চার দল মিলে পয়েন্ট পেয়েছে মাত্র তিন।
১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের পর এই প্রথম চূড়ান্ত পর্বে জয়শূন্য থাকল এশিয়া। ব্রাজিল বিশ্বকাপে এএফসিই একমাত্র কনফেডারেশন যাদের কোনো প্রতিনিধি দ্বিতীয় পর্বে নেই।
গত বছর নির্বাচিত হওয়া সালমানের বিশ্বাস ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ভালো করবে এশিয়ার দলগুলো।
"আমাদের নিজেদের খেলাকে পরের ধাপে নিয়ে যেতে হবে। অপেক্ষার কোনো সময় সেখানে নেই, ফুটবল বা বাকি পৃথিবী মন্থর হবে না। অবকাঠামো, বাণিজ্যিক, প্রতিযোগিতা থেকে শুরু করে প্রশাসন সব ক্ষেত্রে আমরা নিজেদের ফুটবলের সামগ্রিক মানের উন্নতি করতে চাই।"
