২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুনতারি, বোয়াটেংকে দেশে ফেরত পাঠালো ঘানা

বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে বড় একটা ধাক্কা খেল ঘানা। শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিশ্বকাপ দল থেকে বহিষ্কৃত হয়েছেন দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় সুলি মুনতারি ও কেভিন-প্রিন্স বোয়েটেং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 07:37 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

বৃহস্পতিবার ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে খেলবে গতবার শেষ আটে ওঠা ঘানা।

পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা ঘানা এরই মধ্যে দেশে ফেরত পাঠিয়েছে এই দু্ মিডফিল্ডারকে।

এক বিবৃতিতে ঘানা ফুটবল অ্যাসোসিয়েসন জানায়, ম্যাচ ফি না পাওয়ায় ‘ব্ল্যাক স্টারস’রা একরকম বিদ্রোহই করে। এ নিয়ে গত মঙ্গলবারের সভায় এক কর্মকর্তাকে চড় মেরে বসেন এসি মিলান তারকা মুনতারি।

সেই সভাতেই কোচ কোয়েসি আপিয়াহের সঙ্গে বাজে ভাষায় কথা বলেন বোয়াটেং। ক্ষুব্ধ আপিয়াহ শালকে মিডফিল্ডারকে বহিষ্কার করতে চাইলে তা অনুমোদন করে কর্তৃপক্ষ।

প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া ঘানার সেরা ষোলোতে উঠতে পর্তুগালকে হারাতেই হবে এবং নির্ভর করতে হবে যুক্তরাষ্ট্র-জার্মানি ম্যাচের উপর।