২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকা ও এশিয়ার মর্যাদার লড়াই

বিশ্বকাপে আফ্রিকার প্রতিপক্ষের বিপক্ষে জাপানের রেকর্ড আশা জাগানিয়া। চার বছর আগে গ্রুপ ম্যাচে ক্যামেরুনকে হারিয়েছিল তারা। ‘সি’ গ্রুপে ম্যাচে কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) বিপক্ষে নামার আগে যা তাদের আত্মবিশ্বাসের সলতে উসকে দেবে নিঃসন্দেহে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 08:17 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

পুরনো খবর:

জি-মেইল হ্যাক করে ১৭ লাখ টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার ২
‘ক্ষুদ্রতম সুপারকম্পিউটার’ মাস্ককে দিলেন এনভিডিয়া প্রধান

তবে ‘দ্য এলিফ্যান্টস’-এর আত্মবিশ্বাসেই-বা কমতি কোথায়! এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে রেকর্ড খোঁজার প্রয়োজন নেই, সর্বশেষ মুখোমুখিতে এই জাপানকেই তো হারিয়েছে তারা। ২০১০ বিশ্বকাপের আগে এক প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল কোত দি ভোয়া।

রেসিফিতে বাংলাদেশ সময় রোববার সকাল সাতটায় মুখোমুখি হওয়ার আগে তাই ইতিহাসের অনুপ্রেরণা আছে দুই দলেরই। তারপরও দুই ক্যাম্পের আবহ দুই রকম। জাপানের যেখানে ইনজুরি কাটিয়ে অধিনায়ক মাকেতো হাসেবের খেলাটা নিশ্চিত হচ্ছে ক্রমশ, সেখানে কোত দ্য ভোয়ার সেরা খেলোয়াড় ইয়াইয়া তোরের খেলাটা অনিশ্চয়তার জালে যাচ্ছে আটকে। আর যদি সত্যিই তিনি মাঠে নামতে না পারেন, তাহলে একটু হলেও এগিয়ে থেকে শুরু করবে জাপান।

কোত দি ভোয়ার ফুটবলের এটি ‘সোনালী প্রজন্ম’। দিদিয়ের দ্রগবা, সলোমান কালু, দিদিয়ের জোকোরা, কোলো ও ইয়াইয়া তোরেদের এই দলটি কিন্তু সামর্থ্য অনুপাতে সাফল্য পায়নি তেমন। দুটো আফ্রিকান নেশনস কাপ ফাইনালে হেরেছে। প্রথম রাউন্ডেই ঝরে গেছে গত দুই বিশ্বকাপ থেকে। অবশ্য জার্মানি ও দক্ষিণ আফ্রিকায় ‘গ্রুপ অব ডেথ’-এ পড়ায় নিজেদের দুর্ভাগা ভাবতে পারে তারা। তুলনায় এবারের গ্রুপটি বেশ সহজ। জাপান বাদে বাকি দুই দল কলম্বিয়া ও গ্রিস। এবার দ্বিতীয় রাউন্ডে যেতে না পারলে সেটি আইভরি কোস্টের ‘সোনালী প্রজন্ম’-এর ধূসর ব্যর্থতা হিসেবেই চিত্রিত হবে।

অবশ্য সেরা সময় পিছু ফেলে এসে দলের বেশিরভাগ তারকাই এখন ‘ধূসর’। ব্যতিক্রম কেবল ইয়াইয়া তোরে। বার্সেলোনাতেও তিনি খেলেছেন দারুণ। তবে গত তিন বছর ধরে ম্যানচেস্টার সিটির খেলা দিয়েই বিশ্বসেরাদের কাতারে উত্তরণ হয়েছে তার। এই ‘মিডফিল্ড জেনারেল’কে 'ফিট' করে তোলার জন্য কোচ সাবরি লামুশি সর্বাত্মক চেষ্টার ঘোষণায় তাই চমক নেই কোনো, ‘ও যেন খেলতে পারে, সেজন্য সম্ভাব্য সব কিছুই করব আমরা।’

কাজটি এমনিতেও সহজ হবে না। তাদের স্কোয়াডে বয়সের ছাপ স্পষ্ট। সেখানে জাপান দলে তারুণ্যের ছাড়াছড়ি। ছোট ছোট পাসে দ্রুতগতির ফুটবল খেলে তারা। সেটি দিয়েই প্রতিপক্ষকে হারানোর পরিকল্পনা আঁটছে। আর ‘ব্লু সামুরাই’ দলে অভাব নেই তারকারও। কেইসুকে হোন্ডা, শিনজি কাগাওয়াদের মতো প্লে-মেকার থাকবেন আক্রমণের প্রাণভোমরা হয়ে। ক্লাব দল এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশের জায়গা পেতে তাদের হিমসিম খেতে হয় হয়তো। কিন্তু জাতীয় দলে তারা আবার অপরিহার্য। খেলা তৈরির দক্ষতা ও গোল করার সামর্থ্যে জাপানকে দুরন্ত সূচনা এনে দিতে মরিয়া থাকবেন হোন্ডা-কাগাওয়া।

ইনজুরির শিকার হয়ে ইয়াইয়া তোরে বাইরে বসে থাকলে তাদের কাজটি সহজ হয়ে যাবে বৈকি!