বায়ার্নের সঙ্গে লাম, মুলারের নতুন চুক্তি
ব্রাজিল বিশ্বকাপ শুরুর আগেই জার্মানির অধিনায়ক ফিলিপ লাম ও উইঙ্গার টমাস মুলারের সঙ্গে নতুন চুক্তি করেছে বায়ার্ন মিউনিখ। ক্লাবে দুই জনেরই থাকার মেয়াদ বাড়ছে দুই বছর করে।
জার্মানির সফলতম দল বায়ার্নের অধিনায়ক লাম ডিফেন্ডার অথবা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন। তার সঙ্গে জার্মান চ্যাম্পিয়নদের চুক্তির মেয়াদ বেড়েছে ২০১৮ পর্যন্ত। আর ২৪ বছর বয়সী মুলারের সঙ্গে চুক্তির মেয়াদ বেড়েছে ২০১৯ পর্যন্ত।
৩০ বছর বয়সী লামকে বিশ্বের সেরা রাইট-ব্যাকদের একজন হিসেবে দেখা হয়। ১১ বছর বয়সে বায়ার্নে আসা লাম জানান, এই ক্লাবেই ক্যারিয়ার শেষ করতে চান তিনি।
“মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনার এটাই সবচেয়ে ভালো সময়। অবশ্যই এটা আমার শেষ চুক্তি এবং আমি ক্যারিয়ার বায়ার্ন মিউনিখেই শেষ করতে চাই।”
২০১৯ পর্যন্ত মেয়াদ বাড়ানোয় উছ্বাস মুলারের কণ্ঠেও।
