ঘানা: এবার লক্ষ্য আরো বড়
যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান শিষ্যদের সামনে লক্ষ্য স্থির করেছেন দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। ঘানার কোচ কোয়েসি আপিয়াহ আরো এক কাঠি সরেস! প্রথম আফ্রিকান দেশ হিসেবে ‘ব্লাক স্টার’দের বিশ্বকাপ সেমি-ফাইনালে নিয়ে যেতে চান তিনি!
মনে হতে পারে যে, গ্রুপে তাদের সঙ্গী অন্য দুই দল ইরান-হন্ডুরাসের মতো কেউ। আসলে ব্রাজিলে ‘জি’ গ্রুপে যুক্তরাষ্ট্র-ঘানার সঙ্গী জার্মানি ও পর্তুগাল!
ঘানার কোচের লক্ষ্য নির্ধারণে বর্তমান বাস্তবতার ছোঁয়া কতটুকু, সেটি বোঝাই যায়। হয়তো ২০১০ বিশ্বকাপের স্মৃতিটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে নিরন্তর। অবিশ্বাস্য ছিল দক্ষিণ আফ্রিকায় তাদের সাফল্য-যাত্রা, কিন্তু সেটি আরো কতো ভালোই না হতে পারত! ১৯৯০ সালের ক্যামেরুন ও ২০০২ আসরের সেনেগালের পর তৃতীয় আফ্রিকার দেশ হিসেবে কোয়ার্টার-ফাইনালে ওঠে ঘানা। প্রথম দল হিসেবে সেমি-ফাইনালের সঙ্গেও চলে গিয়েছিল নিঃশ্বাস দূরত্বে। উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোল প্রায় দিয়েই দিয়েছিল তারা। কিন্তু গোলমুখী বলটি একেবারে গোলরক্ষকের কায়দায় হাত দিয়ে ফিরিয়ে দেন লুইস সুয়ারেস। লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। কিন্তু পেনাল্টি থেকে আসামোয়াহ জিয়ানের শটটিও বারপোস্ট থেকে বেরিয়ে গেলে বেঁচে যায় উরুগুয়ে। আর সেটি কাজে লাগিয়ে টাইব্রেকারে ঘানাকে কাঁদিয়ে সেমি-ফাইনালে যায় চলে তারা।
গতবার মুঠো ফসকে বেরিয়ে যাওয়া সেই সাফল্যের সৌধে পৌঁছার লক্ষ্য এবার ঘানার। এবারের বাস্তবতায় সেটি উচ্চাভিলাসী লক্ষ্যই!
বিশ্বকাপ বাছাইপর্বে ঘানা খেলেছে দুর্দান্ত। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে নিজেদের গ্রুপে বিজয়ী হয়েছে তারা। এরপর প্লে-অফের প্রথম লেগে মহাদেশীয় পরাশক্তি মিশরকে ৬-১ গোলে হারিয়ে ব্রাজিল-যাত্রা একরকম নিশ্চিত করে ফেলে তারা। দ্বিতীয় লেগে ১-২ গোলে হেরে গেলেও তাই কোনো সমস্যা হয়নি। ২৫ গোল দিয়ে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে তারা সর্বোচ্চ গোলদাতাও।
দল ঘানার মন্দ না। ২০১০ বিশ্বকাপের সিংহভাগ ফুটবলার আছেন এবারো। দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্টে তিন গোল করে নায়ক এবং পরে পেনাল্টি থেকে গোল করতে না পেরে খলনায়ক জিয়ান যার পুরোভাগে। আছেন সুলি মুনতারি, কেভিন প্রিন্স বোয়াটেং, আন্দ্রে আইয়ুরা। গত দুই বছর ধরে ঘানার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ইউভেন্তুসের মিডফিল্ডার কোয়ানডো আসামোয়াও তৈরী বিশ্বকাপ মাতাতে। চার বছর আগে ইনজুরির কারণে অনুপস্থিত মাইকেল এসিয়েনও ফিরেছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন তিনি অনেক দিন। কিন্তু তার প্রত্যাবর্তনটা ঘানার জন্য হয়েছে একেবারে সময়মতো। প্লে-অফে মিশরকে হারিয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করা ম্যাচে ‘বাইসন’ এসিয়েন ছিলেন দুর্দান্ত। ব্রাজিলে অমন ফর্মেই তাকে দেখতে চাইবেন কোচ।
কোচ কোয়েসি আপিয়াহ খেলোয়াড়ী জীবনে ছিলেন জাতীয় দলের অধিনায়ক। ঘানার কোচিং স্টাফে আছেন তিনি অনেক দিন ধরে। গত বিশ্বকাপের সহকারী কোচ দক্ষিণ আফ্রিকা আসরের আগে-পরে মিলিয়ে চার বছর ছিলেন ওই দায়িত্বে। ২০১২-র মার্চ থেকে আপিয়াহ হয়েছেন মূল কোচ। এরপর ২০১৩ আফ্রিকান নেশনস কাপে ঘানাকে তুলেছেন সেমি-ফাইনালে। আর ব্রাজিল বিশ্বকাপে খেলা নিশ্চিত করার পর অভিযানের প্রথম পর্ব সমাপ্ত হয়েছে আপিয়াহর।
এবার মিশনের চূড়ান্ত পর্ব। সব সময়ের মতো যেটি সবচেয়ে কঠিন। ঘানার জন্য তা আরো কঠিন হয়ে গেছে ড্রয়ের কারণে। কিন্তু যুক্তরাষ্ট্র-পর্তুগালের সঙ্গে এক গ্রুপে পড়লেই কি আর ভড়কে যাওয়ার মতো দল ‘ব্লাক স্টারস’! সেমি-ফাইনালে পৌঁছানোর লক্ষ্যের কথা তো সেটি বলছে না!
এক নজরে:
গ্রুপ: জি
তারিখ | প্রতিপক্ষ | স্থান |
১৬ জুন | যুক্তরাষ্ট্র | নাতাল |
২১ জুন | জার্মানি | ফোরতালেজা |
২৬ জুন | পর্তুগাল | ব্রাজিলিয়া |
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ২ বার
সেরা সাফল্য: কোয়ার্টার-ফাইনাল (২০১০); দ্বিতীয় রাউন্ড (২০০৬)
যেভাবে ব্রাজিল বিশ্বকাপে: আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের প্লে-অফে দুই লেগ মিলিয়ে মিশরকে ৭-৩ গোলে হারিয়ে।
খেলার ফর্মেশন: ৪-২-৩-১
ফিফা র্যাঙ্কিং: ৩৭
কোচ: কোয়েসি আপিয়াহ (মার্চ ২০১২ থেকে)
গোলরক্ষক: ফাতাও দাউদা, অ্যাডাম কোরাসেই, স্টিভেন অ্যাডামস
ডিফেন্ডার: স্যামুয়েল ইনকুম, ড্যানিয়েল ওপারে, হ্যারিসন আফুল, জন বোয়ে, জোনাথন মেনসাহ, রাশিদ সুমালিয়া।
মিডফিল্ডার: মাইকেল এসিয়েন (এসি মিলান), সুলি মুনতারি (এসি মিলান), মোহাম্মেদ রাবিইউ, কেওয়াদো আসামোয়াহ (জুভেন্টাস), এমানুয়েল আগয়িমাং-বাদু (উদিনেজে), আফ্রিইয়ে অ্যাকুয়াহ (পারমা), ক্রিস্টিয়ান আতসু, আলবার্ট আদোমাহ, আন্দ্রে আইয়ু (মার্সেই), মুবারাক ওয়াকাসু।
ফরোয়ার্ড: আসামোয়াহ জিয়ান, কেভিন-প্রিন্স বোয়াটেং (শালকে), আবদুল মাজিদ ওয়ারিস, জর্দান আইয়ু।
