জন্মদিনে ক্লোসার প্রতিশ্রুতি
জন্মদিনে দারুণ এক প্রতিশ্রুতি দিলেন জার্মানির পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী মিরোস্লাভ ক্লোসা। দলের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন এই স্ট্রাইকার।
সোমবার নিজের ৩৬তম জন্মদিনে ক্লোসা বলেন, “যেভাবে হোক দলকে সাহায্য করাটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
গত শুক্রবার বিশ্বকাপের প্রস্তুতি পর্বে আর্মেনিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে গোল করে জার্মান কিংবদন্তি জার্ড মুলারকে পেছনে ফেলেছেন ক্লোসা। ৬-১ ব্যবধানে জেতা সেই ম্যাচে একটি গোল করেছিলেন দ্বিতীয়ার্ধের বদলি ক্লোসা।
মাত্র ৬২ ম্যাচে ৬৮ গোল করে জার্মানির সেরা গোলদাতা ছিলেন মুলার। ১৩২ ম্যাচে ৬৯ গোল করে তাকে পেছনে ফেলেন ক্লোসা।
লাৎসিও খেলোয়াড় ক্লোসার সামনে আরেকটি রেকর্ডের হাতছানি; বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়তে প্রতিপক্ষের জালে মাত্র দু'বার বল জড়ালেই হবে তার।
তিনটি বিশ্বকাপ খেলে ১৪টি গোল করা ক্লোসা ওই রেকর্ডটির প্রসঙ্গে বলেন, “রেকর্ড গোলদাতা, কথাটা দারুণ শোনাচ্ছে। আমার কোনো আপত্তি নেই।”
১৫ গোল নিয়ে আপাতত রেকর্ডটি ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর অধিকারে।
