বিশ্বকাপের প্রস্তুতিতে ফের ইংল্যান্ডের ড্র
বিশ্বকাপ প্রস্তুতিপর্বের শেষ প্রীতি ম্যাচটাও জিততে পারলো না ইংল্যান্ড। এমনকি ম্যাচের শেষ ২০ মিনিটে হন্ডুরাস এক জন কম নিয়ে খেললেও সাফল্য পায়নি ১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গোলশূন্য ড্রর হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
গত বৃহস্পতিবার ইকুয়েডরের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ইংল্যান্ড। অবশ্য গত ৩০ মে পেরুকে ৩-০ গোলে হারিয়েছিল ইংলিশরা।
শনিবার ফ্লোরিডার সান লাইফ স্টেডিয়ামে এগিয়ে যাওয়ার সুযোগ অনেকবারই পায় ইংল্যান্ড। সবচেয়ে সেরা সুযোগটি তারা পায় ২২তম মিনিটে। তবে স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজের বাঁ-পায়ের শটটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়। আরো দুটি সুযোগ নষ্ট করেন স্টারিজ।
খানিক্ষণের জন্য ম্যাচটি প্রাকৃতিক দুযোর্গের মধ্যেও পড়ে। ২২ মিনিট খেলা হওয়ার পর বিদ্যুৎ চমকানোর কারণে খেলা বন্ধ করে দেন রেফারি। ৪৩ মিনিট পর ফের ম্যাচ শুরু হয় কিন্তু স্কোরবোর্ড আর পাল্টায়নি।
২০ মিনিট বাকি থাকতে হন্ডুরাসের ডিফেন্ডার ব্রায়ান বেকেলেস জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে একজন বেশি নিয়ে খেলার বাড়তি সুযোগ পেয়ে যায় ইংল্যান্ড। তারপরও হন্ডুরাসের শক্ত রক্ষণভাগের বাধা পার হতে পারেনি জেরার্ড-রুনিরা।
বিশ্বকাপ শুরুর আগে এমন হতাশার ড্রয়ে (টানা দ্বিতীয় ড্র) দুশ্চিন্তা ঘিরে ধরেছে ইংল্যান্ডের কোচ রয় হজসনকে। এটাকে তার ক্যারিয়ারে হতাশাজনক ম্যাচগুলোর অন্যতমও বললেন তিনি।
তবে তার মধ্য থেকেও কিছু সান্ত্বনার প্রাপ্তি খুঁজে নিলেন হজসন। কোনো খেলোয়াড় চোট না পাওয়ায় খুশি তিনি।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হজসন জানান, ফরোয়ার্ড অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের চোট ভালো হয়ে উঠছে।
ব্রাজিল বিশ্বকাপে ইংল্যান্ড ‘জি’ গ্রুপে উরুগুয়ে, কোস্টা রিকা ও ইতালির বিপক্ষে খেলবে। ১৪ জুন মানাউসে ইতালির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড।
‘ই’ গ্রুপে হন্ডুরাসের প্রতিপক্ষ ফ্রান্স, সুইজারল্যান্ড ও ইকুয়েডর।
