Published : 09 Jun 2026, 09:36 AM
আসন্ন বিশ্বকাপে মরক্কোকে নিয়ে দারুণ আশাবাদী দেশটির সাবেক ডিফেন্ডার নুরেদদিন নায়বেত। তার বিশ্বাস, গত আসরে ইতিহাস গড়ে সেমি-ফাইনালে খেলা আশরাফ হাকিমিরা এবারও অনেক দূর যেতে পারবে।
দুটি বিশ্বকাপে খেলা নায়বেত বুটজোড়া তুলে রেখেছেন দুই দশক আগে। তবে মরক্কোর হয়ে তার খেলা ১১৫ ম্যাচ এখনও দেশটির রেকর্ড। ৯৫ ম্যাচ খেলে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বর্তমান দলের অধিনায়ক হাকিমি।
মরক্কো প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পায় ১৯৭০ সালে। তখন থেকে ২০১৮ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে ১৬ ম্যাচে তাদের জয় ছিল স্রেফ দুটি- ১৯৮৬ ও ১৯৯৮ আসরে একটি করে।
অতীতের সব সাফল্যকে ছাপিয়ে ফুটবল বিশ্বকে অবাক করে দেয় তারা ২০২২ সালের কাতার আসরে। গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটি জিতে শীর্ষে থেকে জায়গা করে নেয় নকআউটে। শেষ ষোলোয় টাইব্রেকারে হারিয়ে দেয় ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনকে।
এরপর কোয়ার্টার-ফাইনালে ২০১৬ ইউরো জয়ী পর্তুগালকে হারিয়ে, বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমি-ফাইনালে খেলার কীর্তি গড়ে মরক্কো।
ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে উত্তর আমেরিকা আসরেও উত্তরসূরিদের নিয়ে আশার কথা শোনালেন ৫৬ বছর বয়সী নায়বেত।
“আমাদের শীর্ষ মানের একটি দল আছে, যেখানে বিশ্বমানের ও প্রতিভাবান খেলোয়াড় আছে এবং সব বিভাগেই শক্তির গভীরতা আছে। আমাদের একটি করে ম্যাচ এগোতে হবে।”
“কাগজে-কলমে আমরা ফেভারিটদের মধ্যে না থাকলেও, আমরা (অন্য দলগুলোর জন্য) যে হুমকি তৈরি করতে পারি, সে বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। তাই আমাদের যে সামর্থ্য আছে, তা দিয়ে আমরা অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখতে পারি। কে বলে আমরা বিশ্বকাপ জিততে পারব না?”