Published : 08 Jun 2026, 08:51 PM
বিশ্বকাপে একটি জায়গায় এখনও সবার ধরা ছোঁয়ার বাইরে রজার মিলা। ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বয়সে গোলের কীর্তি ক্যামেরুনের এই সাবেক ফরোয়ার্ডের।
১৯৯৪ আসরে যুক্তরাষ্ট্রে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করেন মিলা। রাশিয়ার বিপক্ষে তার দল তখন ৩-০ গোলে পিছিয়ে। গোল করে ব্যবধান কমান অভিজ্ঞ ফরোয়ার্ড। পরে আরও তিন গোল হজম করে ৬-১ ব্যবধানে হারে ক্যামেরুন।
৩৯ বছর ২৮৩ দিন বয়সে গোল করে পরের স্থানটিতে আছেন পেপে। গত আসরে সুইজারল্যান্ডের বিপক্ষে ৬-১ ব্যবধানের জয়ে পর্তুগালের দ্বিতীয় গোলটি করেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।
ওই আসরেই ঘানার বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে ম্যাচের প্রথম গোলটি করেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। তখন তার বয়স ছিল ৩৭ বছর ২৯২ দিন। এই আসরেও খেলবেন পর্তুগিজ মহাতারকা। তিনি জালের দেখা পেলে তিন থেকে উঠে আসবেন দুই নম্বরে, নিচে নেমে যাবেন তার এক সময়ের সতীর্থ পেপে।
৩৫ বছর ১৭৭ দিনে গোল করে এই তালিকায় পঞ্চদশ স্থানে আছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়ক বিশ্বকাপে তার সবশেষ গোলটি করেছেন গত আসরের ফাইনালে।