Published : 28 Jun 2026, 12:25 PM
তুলনামূলক সহজ প্রতিপক্ষ জর্ডানের বিপক্ষে কেন শুরু থেকে খেলেননি লিওনেল মেসি, এর ব্যাখ্যা দিয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেছেন, সতীর্থদের সুযোগ দিতেই পুরো ৯০ মিনিট খেলেননি অধিনায়ক।
বাংলাদেশ সময় রোববার সকালে ‘জে’ গ্রুপের ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে বদলি নেমে জালের দেখা পেয়েছেন মেসি। গড়েছেন প্রথম খেলোয়াড় হিসেবে টানা সাত ম্যাচে গোলের রেকর্ড।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উঠল মেসির শুরুর একাদশে না থাকার প্রসঙ্গ। সে সময় স্কালোনি পরিষ্কার করলেন পেছনের প্রেক্ষাপট।
“আজ সে পুরো ৯০ মিনিট খেলতে পারত। আর প্রতিপক্ষের প্রতি কোনো অসম্মান না করেই বলছি, নিজের অর্জনের মুকুটে আরও পালক যোগ করতে পারত।”
“তবে সে চেয়েছে, সতীর্থরা খেলার সুযোগ পাক, আর সামনের চ্যালেঞ্জের দিকে মনোযোগ দিক। এটাই মেসি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। সবাই যে সংখ্যাগুলোর কথা বলছে, এগুলো নিয়ে সে পড়ে থাকে না। জাতীয় দল সম্পর্কে, নিজের সতীর্থদের সম্পর্কে তার ভাবনারও স্পষ্ট ধারণা পাওয়া যায় এতে।”
দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে বদলি নামেন মেসি। ৮০তম মিনিটে দারুণ ফ্রি কিকে তিনি পান জালের দেখা। চলতি আসরে ছয় গোল করে সবার উপরে আছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসেও চূড়ায় তিনি, ১৯ গোল করে।