Published : 06 Jul 2026, 11:52 AM
২০০২ আসরে শিরোপা জয়ের পর প্রতি আসরে ব্রাজিলের গল্পটা একই। প্রতিবার কোনো একটা ইউরোপীয় দলের কাছে হেরে বিশ্বকাপের নকআউট পর্ব থেকে বিদায়। এই ধারা এবারও ভাঙতে পারল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্লাব ফুটবলে দারুণ সফল কার্লো আনচেলত্তি ও এক ঝাঁক প্রতিভাবান খেলোয়াড় নিয়েও শেষ ষোলো থেকে বিদায় নেওয়ায় ভীষণ হতাশ ভিনিসিউস জুনিয়র। তবে দলকে কক্ষপথে ফেরানোর প্রতিশ্রুতি দিলেন এই তারকা ফরোয়ার্ড।
নিউ ইয়র্কে বাংলাদেশ সময় সোমবার ২টায় (এএম) শেষ আটে যাওয়ার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছে ব্রাজিল।
জোড়া গোল করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। দুটি পেনাল্টি পেয়ে একটি কাজে লাগিয়েছে ব্রাজিল। সফল স্পট কিকে ব্যবধান কমিয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমার।
ম্যাচ শেষে অল্প যে কয়েকজন খেলোয়াড় মিক্সড জোনে কথা বলতে আসেন, তাদের একজন রেয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস। তিনি নিজেদের ভুল স্বীকার করে নেন।
“বিদায় মেনে নেওয়া সবসময়ই কঠিন। টুর্নামেন্ট থেকে বাদ পড়া সবসময়ই নাজুক এক সময়। এই মুহূর্তে আমার খুব বেশি কিছু বলার নেই।
“ম্যাচ যেভাবে এগিয়েছে, তাতে আমরা সঠিক কাজগুলো করতে পারিনি। আবারও যারা আমাদের উপর আস্থা রেখেছিলেন সেই ভক্তদের জন্য দুঃখিত। ব্রাজিলকে শীর্ষে নেওয়ার লড়াইয়ে আমি থামাব না।”