২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যানার প্রদর্শন: আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার

শাস্তি হতে পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের।

ব্যানার প্রদর্শন: আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার
লাস মালভিনাস সন আর্জেন্টিনাস লেখা ব‍্যানার হাতে আর্জেন্টিনার খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2026, 07:18 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ‘মালভিনাস আর্জেন্টিনার’ লেখা ব্যানার প্রদর্শনের ঘটনায় তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। শাস্তি হতে পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস লিখেছে, কয়েক ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে এএফএকে। জড়িতদের বক্তব্য ও তাদের যুক্তি শোনার জন্য একটি সময় ঠিক করা হবে।

এই ঘটনায় জড়িত খেলোয়াড়দের ম্যাচ নিষেধাজ্ঞার পরিবর্তে এএফএকে আর্থিক জরিমানা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বুধবার বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা।

শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা একটি ব্যানার হাতে নিয়ে উদযাপন করে, যেখানে লেখা ছিল ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’, যার অর্থ ‘ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।’

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জকে ব্রিটিশরা ‘ফকল্যান্ডস’ এবং আর্জেন্টাইনরা ‘মালভিনাস’ নামে চেনে। যেটির সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশ একটি সংক্ষিপ্ত যুদ্ধে জড়ায়, যেখানে ৬৪৯ জন আর্জেন্টাইন সৈন্য এবং ২৫৫ জন ব্রিটিশ সেনা নিহত হন। শেষ পর্যন্ত ব্রিটেন এই যুদ্ধে জয়ী হয়।

ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক কোনো ব্যানার, পতাকা, লিফলেট, পোশাক কিংবা অন্যান্য সামগ্রী প্রদর্শন নিষিদ্ধ।

২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে খেলোয়াড়রা একই বার্তা লেখা একটি ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা।