Published : 08 Jun 2026, 05:32 PM
বিশ্বকাপ শুরু হতে আর তিন দিন বাকি। এই সময় যুক্তরাষ্ট্রে ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। টুর্নামেন্টের ভেন্যু শহরগুলোর একটি ক্যানসাস সিটিতে গোলাগুলিতে আহত হয়েছেন ৯জন।
ক্যানসাস সিটির মিজৌরিতে, সুয়াপ সকার ভিলেজে বিশ্বকাপের ক্যাম্প করার কথা ইংল্যান্ডের। স্থানীয় সময় শনিবার সেখান থেকে মাত্র চার মাইল দূরে গোলাগুলির ঘটনাটি ঘটে।
ইংল্যান্ড দল অবশ্য এখনও ক্যানসাস সিটিতে পৌঁছায়নি। আগামী বুধবার ফ্লোরিডার অরল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে হ্যারি কেইনদের।
ক্যানসাস সিটি পুলিশ জানিয়েছে, ওই বন্দুক হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি। আহতদের মধ্যে অন্তত তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে এমন সহিংসতার ঘটনা প্রায়ই ঘটে। ‘গান ভায়োলেন্স আর্কাইভ’এর তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে ৪০০-এরও বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে।