Published : 17 Jul 2026, 01:27 AM
ফাইনালের আগে পুরো দলের সঙ্গে অনুশীলন করেননি লামিন ইয়ামাল ও পেদ্রো পররো। এতে শিরোপা লড়াইয়ে তাদের অংশগ্রহণ নিয়ে কিছুটা শঙ্কাও জেগেছে।
তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) পক্ষ থেকে রয়টার্সকে বলা হয়েছে, আগামী রোববারের বিশ্বকাপ ফাইনালে ওই দুই ফুটবলার খেলবেন বলে আশা করা হচ্ছে। সতর্কতার অংশ হিসেবে তারা আলাদা অনুশীলন করেছেন।
গত মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে জয় পায় স্পেন। ম্যাচটিতে পুরোটা সময় খেলেন তারকা ফরোয়ার্ড ইয়ামাল। আর নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে ডিফেন্ডার পররোকে তুলে নেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
দুজনেরই কারোর অবশ্য বড় কোনো চোট পাওয়ার কোনো খবর শোনা যায়নি। ফ্রান্স ম্যাচ শেষে দে লা ফুয়েন্তে বলেছিলেন, মাঠে এক পর্যায়ে একটু আঘাত পেয়েছিলেন পররো। রয়টার্স জানতে পেরেছে, কিছুটা হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন তিনি। তবে সমস্যা গুরুতর নয়।
ইয়ামালের সমস্যাও তেমন কিছু নয়। ওই ম্যাচের পর কোচ জানান, ভীষণ চাপের ওই লড়াইয়ে লুকা দিনিয়ে ও তেও এরনঁদেজের সঙ্গে বল দখলের লড়াইয়ে একটু ব্যথা পান ১৯ বছর বয়সী ফুটবলার। তবে তাকে নিয়ে ‘দুর্ভাবনার’ কিছু নেই।
তবুও, মূল দলের সঙ্গে তাদের অনুশীলন না করাটা প্রশ্নের জন্ম দিচ্ছে। যদিও আরএফইএফ সব শঙ্কা উড়িয়ে দিয়েছে।
দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।