১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নিউ জার্সিতে ‘বাংলাদেশ মেলায়’ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল কাদের মিয়া।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 01:58 AM

Updated : 11 Sep 2026, 03:40 PM

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ মেলা’। আটলান্টিক কাউন্টি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ আয়োজনে নতুন প্রজন্মের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। 

মঙ্গলবার আটলান্টিক মহাসাগরের তীরবর্তী সার্ফ স্টেডিয়ামে এ মেলায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও মূলধারার রাজনীতিকরা অংশ নেন। 

সিটি মেয়র মার্টি স্মল উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পদক ও প্রশংসাপত্র তুলে দেন। এসময় তিনি বাংলাদেশি কমিউনিটির কার্যক্রমের প্রশংসা করেন। 

অনুষ্ঠানে মার্কিন কংগ্রেস ও সিনেটের পক্ষ থেকে পাঠানো বিশেষ সম্মাননা হস্তান্তর করা হয়। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ বর্তমানে এই সিটির ‘কাউন্সিলম্যান অ্যাট লার্জ’ হিসেবে দায়িত্ব পালন করছেন।

মেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল কাদের মিয়া। তিনি প্রবাসে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং সামাজিক কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দিনব্যাপী এ আয়োজনে সার্ফ স্টেডিয়ামে ৭৫টিরও বেশি স্টল বসেছিল। এতে ছিল বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের পোশাক ও খাবারের সমাহার। 

সংগঠনের সভাপতি শহীদ খান ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদের নেতৃত্বে মেলা কমিটির আহ্বায়ক আহসান হাবিব, সদস্য-সচিব ফরহাদ সিদ্দিক এবং প্রধান সমন্বয়কারী আবুল কালাম অতিথিদের স্বাগত জানান। 

নিউ ইয়র্ক থেকে আসা আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন আরিফুর চৌধুরী, এম ওয়াদুদ, মো. জাফরউল্লাহ, লাবলু আনসার ও আলিম খান আকাশ। আশরাফুল বুলবুলের সঞ্চালনায় মেলার সাংস্কৃতিক পর্বে গান শোনান আর্জিন কামাল, নীলাদ্রি চৌধুরী, জয়ন্ত সিংহ ও তানভির শাহীন।