Published : 17 Jul 2026, 01:20 AM
প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম বাড়াতে মালদ্বীপে দলটির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বুধবার রাতে রাজধানী মালের একটি হলরুমে এ আয়োজন করেন তারা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
প্রবাসে দলটির সাংগঠনিক ভিত্তি আরও দৃঢ় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
খোকন বলেন, “দেশের গণতন্ত্রের সুরক্ষা, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রবাসীদের ঐক্যবদ্ধ অবস্থান দলের জন্য গুরুত্বপূর্ণ।”
মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সহ-সভাপতি মো. হোসেন সুমন, মো. শাহ আলম, মো. ফারুক হোসেন, মো. এরশাদ মোল্লা, মো. আলমগীর মজুমদার, মো. বাবুল হোসেন, মো. আলতাফ হোসাইন ও মো. মুক্তার হোসেন।
উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।
সহ-সভাপতি ইমরান হোসেন তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলমের যৌথ সঞ্চালনায় সমাবেশে মালদ্বীপ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেন তারা।