Published : 08 Jul 2026, 08:22 AM
সুঁতোর ওপর ঝুলতে থাকা আর্জেন্টিনাকে ক্রিস্তিয়ান রোমেরো এনে দিলেন ম্যাচে ফেরার উপলক্ষ। সমতার স্বস্তি ফেরালেন মহাতারকা লিওনেল মেসি। দারুণ হেডে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন এন্সো ফের্নান্দেস। মিশরকে হারিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার পর, এই আর্জেন্টাইন মিডফিল্ডার দৃঢ়কণ্ঠে বললেন, শিরোপা জিততে যাচ্ছেন তারাই!
আটলান্টায় শেষ ষোলোর স্নায়ুক্ষয়ী ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে আর্জেন্টিনা জিতেছে ৩-২ গোলে। দলের জয়ের নায়ক ফের্নান্দেসের দৃষ্টি তাই এখনই ছুটছে ফাইনালের দিকে।
“কাতার বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে চার বছর, এবং আমরা আরেকটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করতে, উপভোগ করতে এবং আবারও জিততে এসেছি। কেননা, ফুটবলে মানুষ অতীতের কথা ভুলে যায় এবং আমরা সেই অতীত ফেরানোর পথের সন্ধান করতে যাচ্ছি।
“আমাদের অসাধারণ একটি দল আছে, যে দল কঠিন সময় ও প্রতিকূলতার মধ্যে কখনই হাল ছাড়ে না। আমরা সবসময় ঐক্যবদ্ধ। সতীর্থ, কোচিং স্টাফ এবং এখানে ও আর্জেন্টিনায় যারা আমাদের সমর্থন করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞ আমি।”
ফাইনালের মঞ্চটা এখনও অনেক দূরে। তার আগে আর্জেন্টিনাকে পেরুতে হবে কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালের বৈতরণী। তবে, ঝড়-ঝঞ্জা পেরিয়ে সেরা আটের মঞ্চে উঠে, ফের্নান্দেস এখন আরও আত্মবিশ্বাসী। নিজের গোল নিয়েও উচ্ছ্বাস ঝরল তার কণ্ঠে।
“এই জয়ের অর্থ আরও এক ধাপ এগিয়ে যাওয়া। সতীর্থদের জন্যই গোলটা পেয়েছি। আমার কিছু অসাধারণ এবং অবিশ্বাস্য মানের সতীর্থ আছে। মাঠের ফাইনাল থার্ডে যেখানে ফাঁকা জায়গা বা সুযোগ পেলে সেটা কাজে লাগাতে হয়, আজ সেটা আমি পেরেছি।”
মিক্সড জোনে ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্নের মুখে পড়েন ফের্নান্দেস। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের চেলসি থেকে রেয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন উঠেছিল। তবে, স্প্যানিশ ক্লাবটি পরে জানায়, তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি তারা।
ফের্নান্দেস অবশ্য এ মুহূর্তে ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না। বললেন, আপাতত বিশ্বকাপ ভাবনাতেই বুদ থাকতে চান তিনি।
“সত্যি বলতে, আমি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছি না। আমি এখানে অবিশ্বাস্য মুহূর্তগুলো উপভোগ করছি এবং বিশ্বকাপের পরে দেখা যাবে কী হয়।”