Published : 16 Jun 2026, 04:26 PM
মিশরের বিপক্ষে ড্র দিয়ে আসর শুরু করে ভীষণ হতাশ বেলজিয়াম কোচ রুদি গার্সিয়া। টুর্নামেন্টে টিকে থাকতে ইরানের বিপক্ষে পরের ম্যাচে সব ঠিকঠাক করার তাগিদ দিলেন তিনি।
মিশরের বিপক্ষে ১-১ ড্র দিয়ে আসর শুরু করেছে বেলজিয়াম। নিজেদের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২-২ ড্র করেছে ইরান।
আগামী রোববার এশিয়ার দেশটির মুখোমুখি হবে বেলজিয়াম। ২০১৮ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দেশটির ওই ম্যাচে জয়ের কোনো বিকল্প দেখছে না।
মিশরের বিপক্ষে পিছিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম। ছোট্ট কথায় প্রথমার্ধের খেলা নিয়ে বললেন গার্সিয়া।
“দল হিসেবে প্রথমার্ধে আমাদের আরও ভালো করা উচিত ছিল।”
বদলি নামা রোমেলু লুকাকুর চাপের মুখে ৬৬তম মিনিটে একটি ক্রস নিজেদের জালে পাঠান মোহামেদ হানি। ওই গোলেই হার এড়ায় বেলজিয়াম। গোলে পরোক্ষ ভূমিকা রাখা লুকাকুর প্রশংসা করলেন কোচ।
“তার জন্য আমি খুশি। প্রতিপক্ষ হিসেবে আপনি যখন দেখবেন লুকাকু মাঠে আসছে তখন, জুতোয় আপনার পা হয়তো কাঁপবে এবং আপনার উদ্বেগ সম্ভবত বাড়বে।”
গত মৌসুমে নাপোলির হয়ে নিয়মিত খেলার সুযোগ পাননি লুকাকু। গার্সিয়া জানালেন, অভিজ্ঞ স্ট্রাইকার এখনও শুরু থেকে খেলার জন্য তৈরি নন।
ম্যাচের শেষ দিকে জেরেমি ডোকুকে তুলে নেওয়ার কারণ জানালেন বেলজিয়াম কোচ।
“ডোকুর ছোট্ট সমস্যা আছে। তার শ্বাসপ্রশ্বাসের সমস্যা আছে। এটা ভালো হয়ে যাবে। আমার মনে হয় সে উঠে এসেছে পরের ম্যাচের জন্য নিজের ভেতর কিছুটা শক্তি ধরে রাখতে।”