Published : 16 Jun 2026, 10:00 AM
বিশ্বকাপে ফ্রান্সকে তেতো অভিজ্ঞতাগুলোর একটি দিয়েছিল সেনেগাল, ২০০২ বিশ্বকাপে। তবে, ২৪ বছরের পুরনো স্মৃতি আওড়াতে চান না দিদিয়ে দেশম। ফ্রান্স কোচ বললেন, আফ্রিকার দলটির বিপক্ষে এবারের ম্যাচে কোনোরকম প্রতিশোধের ভাবনা নিয়ে খেলতে নামবে না তার দল।
নিউ ইয়র্কে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় ‘আই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। গত আসরের রানার্সআপ ফ্রান্স এবারও ‘ফেভারিট’ দলগুলোর একটি। সেখানে, সেনেগালের পক্ষে বাজি ধরার লোক কমই।
কোরিয়া-জাপানের আসরে শিরোপা ধরে রাখার মিশনে নামা ফ্রান্স প্রথম হোঁচট খেয়েছিল সেনেগালের কাছেই; গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হেরেছিল ১-০ গোলে। এরপর উরুগুয়ের সাথে গোলশূন্য ড্র এবং ডেনমার্কের বিপক্ষে ২-০ ব্যবধানের হারে ষোলকলা পূরণ হয়েছিল তাদের। গ্রুপের তলানিতে থেকে বিদায় নিয়েছিল ফ্রান্স।
আসছে ম্যাচটি সামনে রেখে আলোচনায় উঠে আসছে সিউলের সেই ম্যাচ। তবে, দেশম অতীত ঘাটতে চাইলেন না। প্রতিশোধের হুঙ্কারও দিলেন না। এ নিয়ে বলতে গিয়ে গণমাধ্যমকে যেন একটু খোঁচাও দিলেন তিনি।
“দেখুন, এটা অতীত ইতিহাস। এমনকি, (মিডফিল্ডার) এনগোলা কঁতে…আমি নিশ্চিত নই, ওই ম্যাচ সে দেখেছিল কিনা। আমার দলের খেলোয়াড়দের অধিকাংশেরই মনে হয় ২০০২ সালে জন্মও হয়নি।”
“আমি জানি, আপনারা প্রতিশোধ শব্দটি পছন্দ করেন, কিন্তু ফুটবলে প্রতিশোধ বলতে কিছু নেই।”
অতীত নিয়ে ভাবতে না চাইলেও, দেশম পুরোপুরি নির্ভারও নন। কেননা, ২০১৮ সালের চ্যাম্পিয়নদের কাঁধে এবার আছে শিরোপা ফিরে পাওয়ার চাপ। দলের আক্রমণভাগের প্রাণভোমরা কিলিয়ান এমবাপেও সমালোচনার মুখে আছেন, কোত দি ভোয়া ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোল না পাওয়ায়। যুক্তরাষ্ট্রে ফুটবল অতটা জনপ্রিয় না হলেও, এমবাপে এখানে তারকা।
সিউলের সেই ম্যাচের পর এই প্রথম সেনেগালের বিপক্ষে খেলবে ফ্রান্স। দেশম অতীত পাশ কাটিয়ে গেলেও সেই চাপও আছে কিছুটা। তাই প্রতিপক্ষকে সমীহ করেই ছক কষছেন ফরাসি কোচ।
“সেনেগালের দুর্দান্ত সব খেলোয়াড় আছে, যারা সেরা ক্লাবগুলোতে খেলে। আক্রমণাত্মক খেলার সামর্থ্য আছে তাদের। মাঝমাঠেও তারা দারুণ। যখন, আপনি সেরা দলগুলোর অংশ হবেন (বিশ্বকাপে খেলবেন), তখন আপনার সবকিছুই থাকবে।”
রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন কঁতে। চোটের কারণে ২০২২ বিশ্বকাপ খেলতে না পারা এই মিডফিল্ডারের মনে হচ্ছে, সেনেগালের মাঝমাঠে তাদের কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। তবে, প্রতিশোধ নয়, সামনের পথচলার সুর বেঁধে নিতে প্রথম ম্যাচে জয় পাওয়া গুরুত্বপূর্ণ, মানছেন ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার। সতীর্থদের বার্তা দিলেন ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামার।
“আমি বিশ্বাস করি, নিজেদের ওপর আস্থা রাখাটা গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগিতায় যতদূর সম্ভব এগিয়ে যেতে হবে…অবশ্যই, আমাদের মূল প্রতিপক্ষ আমরা নিজেরাই। আমাদের ঐক্যবদ্ধ ও মনোযোগী থাকা প্রয়োজন।”