২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রিকি বিশ্বকাপে’ কোনো পরিষ্কার ফেভারিট দেখেন না স্কালোনি

আর্জেন্টিনা কোচ মনে করেন, চার-পাঁচটি দল ফেভারিট হিসেবে বিবেচিত হলেও তারা কেউ প্রত‍্যাশিত ফুটবল খেলতে পারছে না।

‘ট্রিকি বিশ্বকাপে’ কোনো পরিষ্কার ফেভারিট দেখেন না স্কালোনি
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 01:50 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

এবারের বিশ্বকাপ যেন আলাদা। অন্তত লিওনেল স্কালোনির তেমনই মনে হচ্ছে। এই আসর সব দেশকে যেন নিয়ে এসেছে এক কাতারে। ঐতিহ‍্যবাহী পরাশক্তিগুলো নিজেদের আধিপত‍্য ধরে রাখতে ভুগছে। 

বাংলাদেশ সময় ৭ জুলাই ১০টা (পিএম) আটলান্টায় শেষ ষোলোয় মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগের ম‍্যাচে কেইপ ভার্ডের বিপক্ষে কোনোমতে জিতে বিশ্বকাপে টিকে গেছে শিরোপাধারীরা।

গ্রুপ পর্বে তিন ম‍্যাচে সহজ জয়ই পায় আর্জেন্টিনা। কিন্তু কেইপ ভার্ডের বিপক্ষে তাদের জিততে হয় অতিরিক্ত সময়ে, আত্মঘাতী গোলের সৌজন‍্যে। জয়ের চেয়ে সেদিনের উদযাপনের স্বস্তিই ছিল বেশি। 

গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্সের শেষ বত্রিশে প‍্যারাগুয়ের বিপক্ষে জিততে হয়েছে পেনাল্টিতে পাওয়া গোলে ভর করে। পর্তুগালের বিপক্ষে যোগ করা সময়ের গোলে জিতেছে স্পেন। জার্মানি থেমেছে শেষ বত্রিশে, ব্রাজিল শেষ ষোলোয়। 

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাস্তবতা সামনে আনলেন স্কালোনি।

“আমি মনে করি এই বিশ্বকাপ সবার জন‍্যই ‘ট্রিকি।’ মনে হচ্ছে যেন কোনো পরিষ্কার ফেভারিট নেই। বিশ্বকাপের আগে আমরা যেমন দেখতাম, এখানে কোনো জাতীয় দল তেমন পরিষ্কার ফেভারিট নয়। 

“আমি বুঝতে পারছি, বেশিরভাগ খেলোয়াড় প্রচুর ম‍্যাচ খেলে এসেছে। চার-পাঁচটি দল মূল ফেভারিট হলেও বিশ্বকাপের আগে আমরা যেমন প্রত‍্যাশা করেছিলাম, এই দলগুলো ওই ফুটবল খেলতে পারছে না।”

টুর্নামেন্টের সার্বিক মান পড়ে গেলেও নিজেদের দলের খেলায় সন্তুষ্ট স্কালোনি। তার মনে হচ্ছে, দল জিতলেও সবসময়ই আরেকটু ঘষামাজার প্রয়োজন হয়। 

“আর্জেন্টিনার মান গ্রহণযোগ‍্য। আমরা চারটি ম‍্যাচ জিতেছি। আমি মনে করি, এ কারণে সন্তুষ্ট হওয়া যায়। তবে সবসময়ই এমন কিছু থাকে যা আরও নিখুঁত করা যায়, এমনকি জয়ে পেলেও।

“এই বিশ্বকাপ কঠিন, ভ্রমণ, গরম, মাঠ, ঘাস… কখনও কখনও বল ঠিকঠাক এগোয় না। এমন অনেক ব‍্যাপার আছে যা মাঠে আপনার শ্রেষ্ঠত্ব পুরোপুরি ফুটিয়ে তোলাকে বাধাগ্রস্ত করে।”

তবে নিজেদের দলের সামর্থ‍্যে অগাধ আস্থা স্কালোনির। তিনি মনে করেন, দল ভালো না খেললেও কঠিন পরিস্থিতিতে ফল বের করে আনার কোনো না কোনো পথ ঠিকই বের করে নেবে। 

“কোনো ম‍্যাচে, যখন কোনো কিছু আমাদের পক্ষে যাবে না কিংবা প্রতিপক্ষ কাজটা কঠিন করে তুলবে, তখন আমাদের দৃঢ়তা, তীব্রতা ও লড়াকু মানসিকতার আশ্রয় নিতে হবে, যা আমাদের ডিএনএ-তে আছে।

“আর এই দল সেই কাজটা করে। এরপর আপনি ভালো কিংবা খারাপ খেলতে পারেন। কিন্তু যখন ভালো খেলবেন না তখন এর সবই আপনার প্রয়োজন হবে। অন‍্যথায়, আপনি বাদ পড়বেন। আমি নিশ্চিত যে, আগের ম‍্যাচে যদি নিজেদের দৃঢ়তার আশ্রয় নিতে না পারতাম তাহলে আমরা ছিটকে যেতাম।”