Published : 17 Jul 2026, 12:22 PM
আগের ম্যাচে এমন রেফারি পেয়েছিল আর্জেন্টিনা, যিনি ম্যাচ পরিচালনা করলে কখনও হারেননি লিওনেল মেসি। এবার বিশ্ব চ্যাম্পিয়নরা পেয়েছে স্লাভকো ভিনচিচকে, যার পরিচালনায় কখনও হারেনি ফাইনালের প্রতিপক্ষ স্পেন। আর নিজেদের একমাত্র ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা।
নিউ ইয়র্কে ২০ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইউরো ও কোপা আমেরিকার দুই শিরোপাধারী দল।
বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার কেবল একটি ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। ২০২২ আসরের ওই ম্যাচে সৌদি আরবের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হারে লিওনেল স্কালোনির দল। থামে ৩৬ ম্যাচের অজেয় যাত্রা।
ম্যাচে আর্জেন্টিনা আরও তিনবার জালে বল পাঠালেও অফ সাইডের জন্য সেগুলোতে গোল পায়নি।
স্পেনের পাঁচটি ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ, এর কোনোটিতেই হারেনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ২০১৭ সালে কলম্বিয়া ম্যাচ ২-২ ড্র হয়, তিন বছর পর ইউরোয় সুইডেন ম্যাচ শেষ হয় গোলশূন্য সমতায়।
২০২৩ সালে নেশন্স লিগের সেমি-ফাইনালে ২-১ গোলে জেতে স্পেন। গতবার ইউরোয় লুইস দে লা ফুয়েন্তের দলের দুটি ম্যাচ পরিচালনা করেন স্লোভেনিয়ার রেফারি। ইতালির বিপক্ষে ১-০ ব্যবধানে এবং সেমি-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে জেতেন লামিন ইয়ামাল, রদ্রিরা।
চলতি আসরে ব্রাজিল ও মরক্কো, জর্ডান ও আলেজেরিয়া এবং মেক্সিকো ও একুয়েডরের ম্যাচ পরিচালনা করেন ভিনচিচ।
এর একটিতে ‘প্রেস্তিয়ান্নি আইন’ প্রয়োগ করে একুয়েডরের পিয়েরো ইনকাপিয়েকে লাল কার্ড দেখান তিনি। উত্তপ্ত মুহূর্তে মুখ ঢেকে প্রতিপক্ষের কারও সঙ্গে কথা বললে লাল কার্ডের নিয়ম করে ফিফা, যা ‘প্রেস্তিয়ান্নি আইন’ নামে পরিচিত।
দুই সহকারী রেফারিও স্লোভেনিয়ার- তমাশ ক্লানচনিক ও আন্দ্রাশ কোভাচিচ। চতুর্থ রেফারি হলেন জর্ডানের আদহাম মাদহাদমে।