পুরান ঢাকায় ড্রেন পরিষ্কার করতে নেমে নিখোঁজ ১
“আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন, চেষ্টা করছেন।”
পুরান ঢাকায় ড্রেন পরিষ্কার করতে নেমে নিখোঁজ হওয়া এক পরিচ্ছন্নতা কর্মীর হদিস ২৪ ঘণ্টা পরও মেলেনি।
বৃহস্পতিবার দুপুরে ৩০ নম্বর ওয়ার্ডের নলগলা এলাকায় ওই ব্যক্তি নিখোঁজ হন।
সেদিন সকাল থেকে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ড্রেন পরিষ্কার করছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মোজাহিদুল ইসলাম।
তিনি শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক পরিচ্ছন্নতাকর্মী ম্যানহোল পরিষ্কার করতে নেমে ভেতরের বিষাক্ত গ্যাস ও প্রতিকূল অবস্থার কারণে নিখোঁজ হয়ে যান।
“ম্যানহোলের ভেতরে ওই লোক নামার ঘণ্টাখানেক যাওয়ার পর থেকে খোঁজাখুঁজি শুরু হয়। আজকে দুপুরেরও উদ্ধার হয়নি।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শক রাশেদুর রহমান রাসেল শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল দুপুর ১টার পরে আমরা নিখোঁজ হওয়ার খবর পেয়েছি, এখন পর্যন্ত পাওয়া যায়নি।
“একজন পরিচ্ছন্নতা কর্মী যথেষ্ট পরিমাণ অক্সিজেনসহ অন্যান্য সরঞ্জামাদি নিয়ে ম্যানহোলে ঢোকে বলে উপস্থিত লোকজন বলেছে। সরকারি-বেসরকারিভাবে বেশ কয়েকটি সংস্থা কাজ করছে, আজকে নলগোলা থেকে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা কেটে বের করার চেষ্টা করা হচ্ছে।”
নিখোঁজ ব্যক্তি এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী বলে জানান রাসেল। তবে কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের তা বলতে রাজি হননি রাসেল।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “ম্যানহোলে নামার সময় তো অক্সিজেন নিয়েই নেমেছে, ঘণ্টাখানেক পরে দড়ি ভেসে এসেছে। লোকটার শরীর থেকে দড়ি ছিঁড়ে এসেছে মনে হয়।”
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, “আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন, চেষ্টা করছেন।”
