Published : 26 Jun 2026, 11:12 PM
ম্যাচ শেষে দেখা গেল ভিন্ন এক চিত্র। এদিকে আলকসান্দার ইসাক, ভিক্তর ইয়োকেরেশরা মেতেছেন আনন্দে। কিন্তু যিনি দলকে নকআউট পর্বে নিয়ে গেছেন সেই এন্টনি এলাঙ্গা একরাশ হতাশা নিয়ে বসে আছেন। কারণ, তিনি বুঝতেই পারেননি দল বিশ্বকাপে টিকে গেছে!
জাপানার সঙ্গে ১-১ ড্র করে সেরা তৃতীয় দলের একটি হয়ে শেষ বত্রিশে জায়গা করে নেয় সুইডেন। জাপান এগিয়ে যাওয়ার পর দলকে সমতায় ফেরান এলাঙ্গা।
তিনি ভেবেছিলেন, ড্র নয় টিকে থাকতে প্রয়োজন জয়। তাই সতীর্থদের আরেকটি গোলের জন্য বলছিলেন তিনি। এ নিয়ে পরে সতীর্থ ইসাকের কাছে বকাও শুনেছেন তিনি!
ম্যাচ শেষে ঘটনা পরিষ্কার করলেন ইসাক।
“আমার কাছে কিছুটা বকা শুনেছে সে। ম্যাচ শেষে সে কিছুটা হতাশ ছিল। আর আপনারা এখন বুঝতে পারছেন সেটা কেন।”
এলাঙ্গা জানান, সতীর্থরা চিৎকার করে তাকে বলছিলেন। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বুঝতে পারেননি যে, তাদের কেবল এক পয়েন্ট প্রয়োজন ছিল।
“আমি স্রেফ চিৎকার করছিলাম, বলছিলাম আমাদের আরও গোলের চেষ্টা করা উচিত… ম্যাচের শেষ দিকে আমার কিছুটা ক্র্যাম্পও হচ্ছিল কিন্তু আমি দৌড় থামাতে চাইনি।”
এলাঙ্গা একাই যে এই পরিস্থিতিতে ছিলেন তা নয়। সু্ইডেনের আরও কয়েকজন জানতেন না যে, কেবল এক পয়েন্ট প্রয়োজন। তাদের একজন গোলরক্ষক ইয়াকুব ভিদেল জেততেরস্ত্রুম বললেন, “আমার কোনো ধারণাই ছিল না।”