Published : 27 Jun 2026, 03:42 PM
গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নামার আগে ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। পানামার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে অভিজ্ঞ ডিফেন্ডার রিস জেমসকে পাবে না তারা। ডেক্লান রাইস, বুকায়ো সাকা, এলিয়ট অ্যান্ডারসনকে নিয়ে জড়ো হওয়া শঙ্কার মেঘ সরিয়ে দিয়েছেন ইংলিশদের কোচ টমাস টুখেল।
৪ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপে শীর্ষে আছে ইংল্যান্ড। সমান পয়েন্ট হলেও, গোল পার্থক্যে পিছিয়ে দুইয়ে ঘানা। তিন নম্বরের ক্রোয়েশিয়ার পয়েন্ট ৩। এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি পানামা।
এরই মধ্যে পরের ধাপে খেলা নিশ্চিত করা ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শনিবার পানামার মুখোমুখি হবে। আগের দিন টুখেল বলেন, দলের সঙ্গে নিউ ইয়র্কে যাননি জেমস। তার আশা, দ্রুতই সেরে উঠবেন এই ফুটবলার।
আসরে দলের প্রথম দুই ম্যাচের পুরোটা খেলেন জেমস। কিন্তু গত দুই দিন দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি তিনি চোট সমস্যায়। এই রাইট-ব্যাকের অভাব পূরণের পথ খুঁজছেন টুখেল।
“তার সামান্য হ্যামস্ট্রিং চোট রয়েছে। গত দুই দিন সে অনুশীলন করতে পারেনি। দ্রুত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমরা ম্যাচ ধরে পরিস্থিতি মূল্যায়ন করব। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, টুর্নামেন্টে আবারও তাকে পাব।”
“এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল, রিস ভালো অনুভব করছিল এবং চমৎকার অবস্থায় ছিল। তাকে পেলে ভালো লাগত। সে একজন দুর্দান্ত খেলোয়াড়, আমাদের সমাধান খুঁজতে হবে। আমরা সেটাই করব।”
শেষ বত্রিশের লড়াইয়ে চেলসির ২৬ বছর বয়সী জেমসকে পাওয়ার প্রত্যাশা করছেন টুখেল। তবে তার সেরে উঠতে সময়টা একটু কমই মনে হচ্ছে তার।
ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচের পর রাইস, সাকা এবং অ্যান্ডারসনের ফিটনেস নিয়েও কিছুটা উদ্বেগ ছিল। তবে টুখেল জানিয়েছেন, জেমস ছাড়া স্কোয়াডের বাকি সবাই খেলার জন্য প্রস্তুত।
“ডেক্লান রাইস ও এলিয়ট অ্যান্ডারসন আজ অনুশীলন করেছে। ওই ম্যাচের (ঘানা) পর তারা সামান্য সমস্যা অনুভব করছি, তবে রিস জেমস ছাড়া সবাইকে পাওয়া যাবে। আগামীকাল সিদ্ধান্ত নেব।”
সাকাকে নিয়ে টুখেল বলেছেন, “সে এখন আর কোনো অস্বস্তি অনুভব করছে না। মাঠে নামার জন্য প্রস্তুত।”
টুর্নামেন্ট থেকে ইতোমধ্যে বিদায় নিলেও পানামাকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না টুখেল। তার মতে, প্রতিপক্ষকে নিয়ে নিজের দলকে সতর্কবার্তা দিয়েছেন তিনি।
“তারা কোনো রকম চাপ ছাড়াই, ‘আন্ডারডগ’ হিসেবে নির্ভার হয়ে খেলতে পারবে।”