Published : 16 Jun 2026, 09:23 PM
দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের আক্রমণের ঝড় সামলে মূল্যবান একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলেও, খুব একটা যেন খুশি নন সৌদি আরবের কোচ গিওর্গিওস দনিস। সর্বোচ্চ মঞ্চে মাঠে নামার আগে দলকে নিজের মতো প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় না পাওয়ার হতাশার কথাও বললেন তিনি।
ম্যাচটির আগে উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরুর অভিলাষ ব্যক্ত করেছিলেন দনিস। আল আমরির ৪১তম মিনিটের গোলে সম্ভাবনাও জাগিয়েছিল তার দল, শেষ পর্যন্ত যদিও তার সেই লক্ষ্য পূরণ হয়নি। দ্বিতীয়ার্ধে একচেটিয়া আধিপত্য করে ৮০তম মিনিটে মাক্সি আরাউহোর গোলে ১-১ ড্র করতে পারে উরুগুয়ে।
গত এপ্রিলের শেষ দিকে ফরাসি কোচ এহভে হোনাহর জায়গায় সৌদি আরবের দায়িত্ব নেন দনিস। তার কোচিংয়ে প্রাক-টুর্নামেন্টের মাত্র তিনটি প্রীতি ম্যাচ খেলে বিশ্বকাপ অভিযান শুরু করল দলটি। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটিই ছিল দনিসের কোচিংয়ে তাদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।
স্বাভাবিকভাবেই তাই নিজের কৌশলে দলকে যথাযথ প্রস্তুত করা এবং যাচাই করে নেওয়ার যথেষ্ট সুযোগ দনিস পাননি। ম্যাচের পর সেটাই বললেন এই গ্রিক।
“আমাদের ক্ষেত্রে বিষয়টা এমন যে, তিন সপ্তাহের মধ্যে আমরা আমাদের খেলা ধরণ ঠিক করার, ট্যাকটিক্যালি দলকে মজবুত করার এবং দলের মধ্যে চেতনাবোধ আনার চেষ্টা করেছি।”
“যখন আমরা এরকম বিশেষ (শক্তিশালী) দলের মুখোমুখি হই, তখন ১ পয়েন্ট পাওয়া ইতিবাচক দিক এবং তা মানসিকভাবে আমাদের চাঙ্গা করে।”
দনিস যেন বোঝাতে চাইলেন, এখনও তিনি নিজেই তার দলকে ঠিকমতো বুঝে উঠতে পারেননি।
“বর্তমানে আমি আমার দলকে জানার চেষ্টা করছি, খেলোয়াড়দের শক্তি সম্পর্কে জানার চেষ্টা করছি এবং তাদেরকে বুঝতেছি। বিশেষ মুহূর্তে তারা কীভাবে প্রতিক্রিয়া দেখায় এবং কেমন আচরণ করে, এসব দেখছি এবং আমি দেখে যা বুঝলাম, তা হলো-(নিজেদের মধ্যে বোঝাপড়া হওয়ার) সময়ের ঘাটতির কারণে, ম্যাচে আমরা (কৌশলগতভাবে) কার্যকর হতে পারিনি।”
“৪-৪-২ কিংবা ৪-৩-২-১ ফর্মেশনে কীভাবে খেলতে হয়, আমরা জানি; কিন্তু আমাদের তিন মিডফিল্ডার অথবা পাঁচ ডিফেন্ডার নিয়েও খেলতে জানতে হবে। ওই মুহূর্তে, দুর্ভাগ্যজনকভাবে, আমরা নমনীয় হতে পারিনি। আসলে এটা কীভাবে করতে হয়, তা বুঝতে সময় দরকার।”
ওই ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য খুব বেশি সময় অবশ্য সামনেও পাচ্ছে না সৌদি আরব। গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে আগামী রোববারই মাঠে নামতে হবে তাদেরকে, স্পেনের বিপক্ষে।