Published : 29 Jun 2026, 02:38 PM
কাতার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে খেলা মরক্কো ও নেদারল্যান্ডসের একটিকে এবার বিদায় নিতে হবে শেষ ষোলোর আগেই। শেষ বত্রিশে যে মুখোমুখি হচ্ছে তারা। ‘আকর্ষণীয়’ লড়াইটি এত দ্রুত চলে আসায় একটু আক্ষেপ হচ্ছে রোনাল্ড কুমানের। তবে আফ্রিকান দলটিকে নিয়ে খুব একটা চিন্তিত নন ডাচ কোচ।
মন্তেরেইয়ে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাতটায় মাঠে গড়াবে নেদারল্যান্ডস-মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ।
নিজেদের গ্রুপের সেরা হয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে নেদারল্যান্ডস। আর মরক্কো শেষ বত্রিশে জায়গা পেয়েছে গ্রুপ রানার্স আপ হয়েছে। তবে দুই দলের কেউই এখনও কোনো ম্যাচ হারেনি।
২০২২ সালের বিশ্বকাপে চমক দেখিয়েছিল মরক্কো। আফ্রিকার ও আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছিল তারা। শেষ চারের লড়াইয়ে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল দলটি। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হেরেছিল ক্রোয়েশিয়ার কাছে।
চার বছর আগের আসরে শেষ আটে উঠলেও পরের ধাপে অল্পের জন্য যেতে পারেনি নেদারল্যান্ডস। টাইব্রেকারে হেরে যায় তারা পরে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনার কাছে।
মরক্কো ও নেদারল্যান্ডস; দুই দলই এবার আশায় আছে বিশ্ব মঞ্চে অনেকদূর যাওয়ার। কিন্তু এখন তাদের একটির পথচলা থামবে শেষ বত্রিশে। এত তাড়াতাড়ি এমন ম্যাচ চলে আসার আক্ষেপ থাকলেও, ফুটবল সমর্থকদের জন্য রোমাঞ্চকর এক লড়াইয়ের প্রত্যাশা করছেন কুমান।
“এখনই ম্যাচটি হওয়া বড় ব্যাপার, কারণ দুই দলই এই ধাপের চেয়ে আরও অনেকদূর যাওয়ার সামর্থ্য রাখে। টুর্নামেন্টে যত দূর সম্ভব যেতে চাওয়া দুই দলের মধ্যে এই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলব, এই ধরনের ম্যাচ বিশ্বকাপে একটু বেশিই দ্রুত চলে এসেছে।”
“তবে বাস্তবতাকে মেনে নিতেই হবে। আর এটা খুবই আকর্ষণীয় ম্যাচ হবে। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলব।”
মরক্কোর বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত নেদারল্যান্ডস। প্রতিপক্ষকে মোকাবেলার সব পরিকল্পনা নিয়ে রাখার কথা বলেছেন ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক। কোচ কুমান বললেন, কীভাবে হারাতে হয় মরক্কোকে ভালোই করেন জানা আছে তাদের।
“তাদের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, তবে আমাদেরও আছে। আমরা জানি ঠিক কোথায় তাদের থামাতে হবে এবং তাদের রক্ষণ ভাঙতে হবে। তাদের নিয়ে আমরা মোটেও চিন্তিত নই।”