১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস

উজানে সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 08:24 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

ভারি বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে নদী লাগোয়া নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাপ্তাহিক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৯ জুলাই পর্যন্ত অথবা কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগ, উজানে ভারতের ত্রিপুরা এবং মিয়ানমার লাগোয়া এলাকায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এ সময় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল লাগোয়া উজানে সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

তাতে চট্টগ্রাম বিভাগের সাঙ্গু, মাতামুহরী, হালদা, মুহরী, ফেনী, সেলোনিয়া ও গোমতী নদীর পানি দ্রুত বাড়তে পারে।

ফলে চলতি সপ্তাহের দ্বিতীয়ার্ধে (৬-৯ জুলাই) বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি ও রাঙামাটির কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী ৪ থেকে ৭ জুলাই কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু স্থানে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।