২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নেদারল্যান্ডস ম্যাচে ইয়োকেরেস-ইসাক জুটির দিকে তাকিয়ে সুইডেন

অন্য দলগুলোর আক্রমণভাগে ইয়োকেরেস-ইসাকের মতো খুব বেশি জুটি দেখছেন না সুইডেন কোচ গ্রাহাম পটার।

নেদারল্যান্ডস ম্যাচে ইয়োকেরেস-ইসাক জুটির দিকে তাকিয়ে সুইডেন
সুইডেনের আক্রমণভাগের দুই তারকা ভিক্তর ইয়োকেরেশ (বাঁয়ে) ও আলেকসান্দার ইসাক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2026, 03:41 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

তিউনিসিয়াকে উড়িয়ে শুরু করা সুইডেনের প্রতিপক্ষ এবার নেদারল্যান্ডস। ম্যাচটা যে কঠিন হবে, তা ভালো করেই জানেন সুইডেন কোচ গ্রাহাম পটার। কঠিন বাধা পেরুতে, তিনি তাকিয়ে আছেন আক্রমণভাগের ভিক্তর ইয়োকেরেস-আলেকসান্দার ইসাক জুটির দিকে।

প্রতিপক্ষের গোলমুখে দুজনে সামর্থ্যের জানান দেন তিউনিসিয়া ম্যাচেও। ৫-১ গোলের জয়ে পান জালের দেখা। দুজনের প্রশংসায় পটার বললেন, উত্তর আমেরিকা বিশ্বকাপে আর কোনো দলের আক্রমণভাগে, এমন ধারাল জুটি চোখে পড়েনি তার।

হিউস্টনে বাংলাদেশ সময়, শনিবার রাত ১১টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সুইডেন। জাপানের বিপক্ষে ২-২ ড্রয়ে ‘এফ’ গ্রুপে যাত্রা শুরু করা ডাচরা প্রথম জয়ের খোঁজে। পটার আঁচ করতে পারছেন, দারুণ লড়াই অপেক্ষা করছে তাদের জন্য। 

“আমাদের আক্রমণভাগের মান আমরা ভালোভাবেই জানি, কিন্তু আমাদের ভারসাম্যপূর্ণ একটা দল তৈরি করতে হবে, যা খেলোয়াড়দের তাদের মতো করে খেলতে এবং ফুটবল উপভোগ করতে দেবে।”

“আমি জানি না (ইয়োকেরেস-ইসাক বিশ্বকাপের সেরা জুটি কিনা), কিন্তু অন্য দলগুলোর আক্রমণভাগে খুব বেশি এমন জুটি দেখিনি আমি। তবে, তারা যে আমাদের সেরা জুটি, এটা সত্যি। আমরা তাদের নিয়ে খুশি। যে কোনো দলের জন্য তারা হুমকি। চ্যালেঞ্জ হচ্ছে, আমরা দুজনকে একসঙ্গে খুব বেশি খেলাতে পারিনি, আশা করি, এখন সেটা করতে পারি।”

বিশ্বকাপের মঞ্চে ৫২ বছর পর দেখা হচ্ছে দুই দলের। ১৯৭৪ সালের আসরের দেখায় তাদের ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। সেবার, দুই দলই পেরিয়েছিল গ্রুপ পর্ব। বল পজেশনে আধিপত্য করা নেদারল্যান্ডসের বিপক্ষে এবারের ম্যাচটি জমজমাট লড়াইয়ের হবে, আশা সুইডেন কোচের।

“বল নিয়ন্ত্রণে রাখার দিক থেকে নেদারল্যান্ডস শক্তিশালী। উইংয়েও এবং ওয়ান-অন-ওয়ান পজিশনে প্রতিপক্ষের জন্য তারা হুমকি তৈরি করতে পারে। তাদের মাঝমাঠ চমৎকার এবং রক্ষণেও স্থিতিশীলতা আছে। আমাদের যে মান আছে, সেগুলো কাজে লাগিয়ে দেখতে হবে, কীভাবে আমরা তাদের এলোমেলো করতে পারি।”