Published : 18 Jun 2026, 07:58 PM
বিশ্বকাপে প্রথম পয়েন্ট পাওয়ার দুয়ারেই ছিল পানামা। কিন্তু অন্তিম সময়ে গোল করে তাদের হৃদয় ভেঙে দেয় ঘানা। এমন ‘নিষ্ঠুর’ পরাজয় কিছুতেই মানতে পারছেন না পানামার কোচ টমাস ক্রিস্টিয়ানসেন। ম্যাচ শেষে বললেন, আরও ভালো ফলাফল প্রাপ্য ছিল তার দলের।
বৃষ্টিস্নাত টরন্টোয় বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ঘানার বিপক্ষে ১-০ গোলে হারে পানামা। পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে তাদের আশা গুঁড়িয়ে দেন ক্যালেব ইয়েরেনকি।
২০১৮ সালে প্রথমবার বিশ্বকাপে খেলা পানামা সেবার গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই হারে। গতবার বাছাইপর্ব উৎরাতে পারেনি তারা। এবার ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে প্রথম পয়েন্টের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত হতাশ হতে হলো তাদের।
পানামার জন্য এই ফল মেনে নেওয়া কঠিনই। ম্যাচের ৬৩ শতাংশ সময় বল ছিল তাদের কাছে। গোলে শট নিয়েছে তারা ১১টি, লক্ষ্যে ছিল ৪টি। অন্যান্য সূচকেও এগিয়ে ছিল তারাই।
দারুণ খেলেও শেষ পর্যন্ত হেরে যাওয়ায় ভীষণ হতাশ ক্রিস্টিয়ানসেন। তবে এনিয়ে পড়ে না থেকে সামনে তাকানোর ডাক দিলেন তিনি।
“এমন ফলাফল কষ্টদায়ক, কারণ আমাদের এর চেয়ে ভালো কিছু প্রাপ্য ছিল। প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলেছি, ঘানাকে নিয়ন্ত্রণে রেখেছি।”
“এভাবে ম্যাচ হারা খুবই নির্মম। তবে এই একটি ভুল নিয়ে আমরা চিরকাল পড়ে থাকতে পারি না।”
গ্রুপ পর্বে পানামার অন্য দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে হারায় গ্রুপ পর্বের বৈতরণী পার করা তাদের জন্য এখন পাহাড়সম চ্যালেঞ্জ। তবে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করার কথা বলেছেন ক্রিস্টিয়ানসেন।
“সামনে আমাদের খুবই কঠিন দুই প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ আছে। তাদের মান সম্পর্কে আমরা জানি, তবে আমরাও সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।”
টরন্টোতেই আগামী বুধবার বাংলাদেশ সময় ভোরে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পানামা। নিউ ইয়র্কে আগামী ১৭ জুন তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।