Published : 04 Jun 2026, 09:00 PM
বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক বাকি থাকতে ফিফা নিয়মে পরিবর্তন আনায়, পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে আসতে পারবেন না ভক্তরা।
বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা বলেছে, ‘ঝুঁকি এবং খেলোয়াড় ও উপস্থিতিদের চোট এড়াতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ‘ফ্রি লায়ন্স ইংল্যান্ড ফ্যানস’ নামে সমর্থকদের একটি গ্রুপ। একই সঙ্গে উত্তর আমেরিকার গ্রীষ্মে সমর্থকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা।
টিকেট বাহকদের জন্য আগে দেওয়া আচরণবিধিতে বলা হয়েছিল- ফাঁকা, স্বচ্ছ, পুনর্ব্যবহারযোগ্য এক লিটার মাপের বোতল স্টেডিয়ামে আনা যাবে। তবে গত ২ জুন টিকেট বাহকদের জানানো হয়, পুনর্ব্যবহারযোগ্য বোতল ব্যবহারের অনুমতি আর নেই।
ফিফার একজন মুখপাত্র বলেছেন, সব খেলোয়াড়, রেফারি, ভক্ত, স্বেচ্ছাসেবী ও স্টাফদের নিরাপত্তার জন্য ফিফা অঙ্গীকারবদ্ধ।
“আগে থেকেই কয়েকটি ভেন্যুতে বাইরের বোতল নিষিদ্ধ, আর নিরাপত্তার কথা বিবেচনায় রেখে ফিফা টুর্নামেন্টের সব স্টেডিয়ামে ওই নিয়ম চালু করেছে।”
গরমে ভক্তদের ভোগান্তি লাঘবের জন্য নানা উদ্যোগ নিতে প্রতিটা ভেন্যু শহর কমিটি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে ফিফা। স্টেডিয়ামে পানির দাম না বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
ফ্রি লায়ন্স ইংল্যান্ড ফ্যানস গ্রুপ এক্স-এ নতুন নিয়মের বিরোধিতা করে লিখেছে, “এরপর কী? সান ক্রিম নিষিদ্ধ করা এবং ভক্তদের সেটা স্টেডিয়াম থেকে কিনতে বাধ্য করা? খেলোয়াড়দের জন্য যেখানে তারা ‘পানি পানের বিরতি’ দিচ্ছে, সেখানে শেষ পর্যায়ে এসে এই সিদ্ধান্ত বিস্ময়কর।”
প্রাথমিক প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্তকে ভক্তদের থেকে অর্থ নেওয়ার একটা বাহানা মনে হচ্ছে ওই সমর্থকদের। সিদ্ধান্ত বাতিল করে সবাইকে পানির বোতল নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি তোলা হয়েছে।
“আশা করি, স্টেডিয়ামের ঝর্নাগুলো ফ্রি থাকবে। আশা করি, লাইনে দাঁড়ানোর জন্য কোনো অর্থ দিতে হবে না!”