Published : 23 Jun 2026, 01:48 PM
বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা লিওনেল মেসি থেকে খুব বেশি দূরে নেই কিলিয়ান এমবাপে। ফ্রান্স কোচ দিদিয়ে দেশমের মনে হচ্ছে, একসময় সবাইকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নেবেন ফরাসি তারকা।
উত্তর আমেরিকা বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেন মেসি। আর সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে ক্লোসাকে ছাড়িয়ে যান বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।
মেসিকে তাড়া করছেন এমবাপে। সেনেগালের পর ইরাকের বিপক্ষেও জোড়া গোল করেন তিনি। বিশ্বকাপে এখন যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। ক্লোসার সমান ১৬টি গোল তার।
আর্জেন্টাইন মহাতারকা মেসি বুধবার ৩৯তম জন্মদিনের কেক কাটবেন। পরের বিশ্বকাপে তার বয়স হবে ৪৩ বছর। ওই বয়সে বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।
এদিকে এমবাপের বয়স কেবল ২৭। সবকিছু ঠিক থাকলে অন্তত আরও দুটি বিশ্বকাপ খেলার সম্ভাবনা আছে তার। আর যেভাবে ছুটছেন তিনি সবুজ আঙিনায়, তাতে এক সময় বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের রেকর্ড তার হওয়ারও সম্ভাবনা প্রবল।
ইরাক ম্যাচ শেষে এমবাপের উচ্ছ্বসিত প্রশংসা করেন দেশম। তার বিশ্বাস, ফিট থাকলে আরও অনেক গোল করবেন এমবাপে।
“রেকর্ড গড়া হয় তা ভাঙার জন্যই। আর এখন সে একটি মাইলফলকে পৌঁছেছে। ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছে। সে সবসময়ই গোল করে। সে আরও গোল করবে।”
“মেসি, রোনালদোর কথাই ধরুন। আমি নিশ্চিত নই, কিলিয়ান তাদের ওই বয়স পর্যন্ত খেলবে কিনা, তবে সে যত মাঠে আছে, ভালো অনুভব করছে, অনেক গোল করবে। প্রতিবার সে নিজের রেকর্ড ভাঙে, তার আরও ভালো করার সক্ষমতা রয়েছে।”
ইরাকের বিপক্ষে এমবাপের জোড়া গোলটি ছিল সম্ভবত তার ক্যারিয়ারের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। কারণ দীর্ঘ আবহাওয়া জটিলতার কারণে ম্যাচটি ব্যাহত হওয়ায় গোল দুটির মাঝে সময়ের ব্যবধান ছিল প্রায় তিন ঘণ্টা।
অনাকাঙ্ক্ষিত বিরতির সময় কী করছিল ফ্রান্স দল? দেশম উত্তরের শুরুতে করেন রসিকতা, “আমরা তাস খেলেছি (হাসি)।”
“না, আসলে আমরা অপেক্ষা করছিলাম। ম্যাচের সময় বারবার পেছানো হচ্ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, গা-গরমের জন্য ২০ মিনিট সময় পাওয়া, যাতে কোনো ঝুঁকি না থাকে।”
“অনেক বৃষ্টি হওয়ায় মাঠ ভারী হয়ে গিয়েছিল। আমার ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা এই প্রথম হলো। আমাদের খেলোয়াড়দেরও।”
দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপ থেকে নরওয়ের সঙ্গে নকআউটে খেলা নিশ্চিত করে ফেলেছে শীর্ষে থাকা ফ্রান্স। এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি সেনেগাল ও ইরাক।
আগামী শুক্রবার মুখোমুখি হবে ফ্রান্স ও নরওয়ে। একই সময়ে অন্য ম্যাচে ইরাকের বিপক্ষে লড়বে সেনেগাল।