০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রোমেরোকে নিয়ে দুর্ভাবনায় আর্জেন্টিনা

জর্ডানের বিপক্ষে খেলতে পারবেন না এই ডিফেন্ডার।

রোমেরোকে নিয়ে দুর্ভাবনায় আর্জেন্টিনা
অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে তুলে নেওয়া হয় ক্রিস্তিয়ান রোমেরোকে (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 10:35 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

অস্ট্রিয়ার বিপক্ষে ডান হাঁটুতে চোট পাওয়া ক্রিস্তিয়ান রোমেরোকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে খেলতে পারবেন না এই ডিফেন্ডার।

ডালাসে সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচের ৫৭তম মিনিটে তুলে নেওয়া হয় রোমেরোকে। মঙ্গল ও বুধবার মধ্যে তার আরও পরীক্ষা করানো হবে।

প্রাথমিকভাবে তার এই চোট গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে। যদিও বদলি হিসেবে মাঠ ছাড়ার পর বেঞ্চে থাকাকালীন হাঁটুতে বরফ দিয়ে রাখতে দেখা যায় তাকে। মূলত ঝুঁকি এড়াতে তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন কোচ লিওনেল স্কালোনি।

তাকে নিয়ে আর্জেন্টিনার উদ্বেগের কারণ হলো, গত এপ্রিলে ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলার সময় একই হাঁটুতে চোট পেয়ে কান্নাভেজা চোখে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। 

অস্ট্রিয়া ম্যাচের পর অবশ্য রোমেরো আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, দ্রুতই সেরে উঠবেন তিনি। 

“আমি জানতাম এমনটা হতে পারে। তিন-চার দিনের মধ্যেই আমি ফিরব।”

বাংলাদেশ সময় আগামী রোববার সকালে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচ জিতে নকআউটের টিকেট নিশ্চিত হওয়ায়, আর্জেন্টিনাও হয়তো ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না।

নকআউট পর্বের শুরুতে ফিরতে পারেন রোমেরো।